ভেঙে পড়েছে ঢাকা-চট্টগ্রাম রেলের সময়সূচি
সকাল সাড়ে সাতটার ঢাকামুখী রেলগাড়ি চট্টলা সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত রাজধানীতে প্রবেশ করেনি। চট্টগ্রাম থেকে ছেড়ে আসা আরেকটি রেল মহানগর প্রভাতী সকালে সাতটা ২০ মিনিটের বদলে রাজধানীতে ঢুকেছে বিকেল সাড়ে চারটায়। বেলা একটায় আসার কথা থাকলেও চট্টগ্রাম ছেড়ে আসা সুবর্ণ এক্সপ্রেস বিকেল তিনটা ৫০ মিনিটে কমলাপুরে প্রবেশ করেছে। নোয়াখালী ছেড়ে আসা উপকূল এক্সপ্রেস ১২টা ৪০ মিনিটে ঢাকায় আসার কথা ছিল। কিন্তু তা সন্ধ্যা সাড়ে ছয়টায়ও আসেনি। এসব গাড়ি কখন আসবে, তা জানাতে পারলেন না রেল কর্মকর্তারা।
অন্যদিকে, তিনটা ২০ মিনিটের বদলে মহানগর গোধূলী কমলাপুর রেলস্টেশন ছেড়েছে প্রায় দেড় ঘণ্টা দেরিতে। সাড়ে নয়টার অগ্নিবীণা ঢাকা ছেড়েছে সোয়া ১২টায়। রাজশাহীর উদ্দেশে সিল্ক সিটি ছেড়েছে প্রায় সোয়া ঘণ্টা দেরিতে। আন্তবিভাগীয় এসব রেলের ‘সময়সূচি’র জটিলতার প্রভাব পড়েছে বিভিন্ন বিভাগীয় রেল ও ‘লোকাল’ ট্রেনগুলোতেও। জানা গেছে, গত শুক্রবার ভোররাতে ফেনীর চিনকি আস্তানার অদূরে কয়েকটি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-নোয়াখালী রুটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। অন্যদিকে শুক্রবার শ্রমিক ধর্মঘটের কারণে আন্তবিভাগীয় বাস ছিল বন্ধ। আবার শুক্রবার বিএনপি নেতাদের আটক, পরে হরতালের ঘোষণা এবং রাতে চট্টগ্রামের বিভিন্ন স্থানে বিশেষ করে হাটহাজারী ও মীরসরাইয়ে সহিংসতায় ঢাকার উদ্দেশে রওনা হয়নি অধিকাংশ বাস। ফলে দক্ষিণ-পূর্বের যাত্রীদের পুরো চাপ পড়েছে রেলওয়ের ওপর।
গতকাল শনিবার দুপুরে কমলাপুরে গিয়ে দেখা গেছে, প্রতিটি প্ল্যাটফর্মে ট্রেনের অপেক্ষায় যাত্রী দাঁড়িয়ে রয়েছেন। সবচেয়ে কষ্ট পাচ্ছে নারী ও শিশুরা। বয়োবৃদ্ধদের কয়েকজন একত্রিত হয়ে মেঝেতে পলিথিন বিছিয়ে বসে ছিলেন। সকালে চট্টগ্রামগামী যাত্রীরা স্টেশনে আসে ভোরবেলাতেই। দুপুর গড়িয়ে বিকেল হলেও ট্রেন কখন আসবে, তা জানতে পারছে না অধিকাংশ যাত্রীই। কান্নারত বাচ্চা সামলাতে সামলাতে চট্টলা এক্সপ্রেসের যাত্রী সুমি আক্তার বলেন, ‘সকালে রেল ছাড়বে বলে স্টেশনে এসেছি। এখনো ট্রেন আসেনি। কেউ কিছু বলতেও পারছে না।’ সুমি ঢাকায় অসুস্থ বাচ্চার চিকিৎসার জন্য এসেছিলেন। মিরপুরে আত্মীয়ের বাসায় ছিলেন দুই দিন। এখন রেল ফেরার সময় না জানায় তিনি সেখানেও ফিরতে পারছেন না।
ভর্তি পরীক্ষা দিতে ঢাকায় আসা সিফাত সারোয়ার প্রথম আলোকে বলেন, ‘চট্টগ্রামের ট্রেন সুবর্ণ কখনোই এমন করেনি। দুপুর থেকে স্টেশনে এসে বসে আছি। তিনটায় ট্রেন কমলাপুর ছাড়ার কথা থাকলেও এখনো ছাড়েনি।’ কর্মরত সহকারী স্টেশনমাস্টার মাজহারুল ইসলাম বলেন, এমনিতেই রেলের ইঞ্জিন সংকট ও প্রয়োজনীয় জনবল নেই। এর মধ্যে কোনো রুটের রেললাইনে সমস্যা হলে তা সব দিকেই ছড়িয়ে পড়ে। ঠিকমতো রেল ছাড়তে না পারায় নারায়ণগঞ্জ, এয়ারপোর্টসহ ‘লোকাল’ যাত্রীদেরও সমস্যা হচ্ছে বলে স্বীকার করেন তিনি।
উপকূল এক্সপ্রেসের জন্য অপেক্ষারত নাসির আহমেদ বলেন, ‘অনুসন্ধানে গিয়ে কাউকে জিজ্ঞেস করার উপায় নেই। প্রচণ্ড বাজে ব্যবহার করে। স্টেশনমাস্টার রুমে নাই। কেউ বলতে পারে না, তিনি কোথায়।’ এ বিষয়ে জানতে রেলওয়ের মহাপরিচালক আবু তাহেরের সঙ্গে মুঠোফোনে বারবার যোগাযোগ করেও পাওয়া যায়নি। বেলা সাড়ে তিনটা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত তিনি কমলাপুর স্টেশনেও ছিলেন না। এমনকি স্টেশনমাস্টারও উপস্থিত ছিলেন না।