ভেঙে পড়েছে ঢাকা-চট্টগ্রাম রেলের সময়সূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সকাল সাড়ে সাতটার ঢাকামুখী রেলগাড়ি চট্টলা গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত রাজধানীতে প্রবেশ করেনি। চট্টগ্রাম থেকে ছেড়ে আসা আরেকটি রেল মহানগর প্রভাতী সকালে সাতটা ২০ মিনিটের বদলে রাজধানীতে ঢুকেছে বিকেল সাড়ে চারটায়। বেলা একটায় আসার কথা থাকলেও চট্টগ্রাম ছেড়ে আসা সুবর্ণ এক্সপ্রেস বিকেল তিনটা ৫০ মিনিটে কমলাপুরে প্রবেশ করেছে।
নোয়াখালী ছেড়ে আসা উপকূল এক্সপ্রেস ১২টা ৪০ মিনিটে ঢাকায় আসার কথা ছিল। কিন্তু তা সন্ধ্যা সাড়ে ছয়টায়ও আসেনি। এসব গাড়ি কখন আসবে, তা জানাতে পারলেন না রেল কর্মকর্তারা।
অন্যদিকে, তিনটা ২০ মিনিটের বদলে মহানগর গোধূলী কমলাপুর রেলস্টেশন ছেড়েছে প্রায় দেড় ঘণ্টা দেরিতে। সাড়ে নয়টার অগ্নিবীণা ঢাকা ছেড়েছে সোয়া ১২টায়। রাজশাহীর উদ্দেশে সিল্ক সিটি ছেড়েছে প্রায় সোয়া ঘণ্টা দেরিতে। আন্তবিভাগীয় এসব রেলের ‘সময়সূচি’র জটিলতার প্রভাব পড়েছে বিভিন্ন বিভাগীয় রেল ও ‘লোকাল’ ট্রেনগুলোতেও।
জানা গেছে, গত শুক্রবার ভোররাতে ফেনীর চিনকি আস্তানার অদূরে কয়েকটি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-নোয়াখালী রুটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
গতকাল শনিবার দুপুরে কমলাপুরে গিয়ে দেখা গেছে, প্রতিটি প্ল্যাটফর্মে ট্রেনের অপেক্ষায় যাত্রী দাঁড়িয়ে রয়েছেন। সবচেয়ে কষ্ট পাচ্ছে নারী ও শিশুরা।
সহকারী স্টেশনমাস্টার মাজহারুল ইসলাম বলেন, এমনিতেই রেলের ইঞ্জিন সংকট ও প্রয়োজনীয় জনবল নেই। এর মধ্যে কোনো রুটের রেললাইনে সমস্যা হলে তা সব দিকেই ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে জানতে রেলওয়ের মহাপরিচালক আবু তাহেরের সঙ্গে মুঠোফোনে বারবার যোগাযোগ করেও পাওয়া যায়নি। বেলা সাড়ে তিনটা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত তিনি কমলাপুর স্টেশনেও ছিলেন না। এমনকি স্টেশনমাস্টারও উপস্থিত ছিলেন না।