রাজশাহীতে নদীশাসন-ব্যবস্থা ভেঙে পড়ার কারণেই সড়ক ও ভবনে ধস নেমেছে। তবে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বলছে, সিটি করপোরেশনের ড্রেনের পানি নামার কারণে এই ঘটনা ঘটেছে। আর সিটি করপোরেশনের পক্ষ থেকে বলা হচ্ছে, নদীশাসন-ব্যবস্থা ভেঙে পড়ার কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে। পাউবো আগে কাজ না করলে তারা কিছু করতে পারবে না।
সম্প্রতি রাজশাহী নগরের সেখের চক এলাকার প্রায় ২০০ মিটার এলাকার সড়কে ধস নামে। গত কয়েক দিনে অবস্থার অবনতি হয়ে ইতিমধ্যে তিনটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আশপাশের বাড়িগুলো ঝুঁকিতে রয়েছে। এ অবস্থা ঠেকানোর জন্য কোনো কর্তৃপক্ষই ব্যবস্থা নেয়নি। শুধু ওয়াসা তাদের পানির একটি পাইপ বন্ধ করে দিয়েছে। অথচ এই অবস্থার প্রতিকার চেয়ে এলাকাবাসী গত শুক্রবার বিকেলে নগরের শাহমখদুম কলেজের সামনে সড়ক অবরোধ করে। গতকাল সেখের চক এলাকার মো. খোকন বলেন, তাঁদের আরও তিনটা বাড়িতে ফাটল দেখা দিয়েছে। কিন্তু পাউবোর লোকজন শুধু এসে দেখে গেছেন।
এদিকে নগরের শ্রীরামপুর এলাকায় একইভাবে গত জুলাই মাসে বসানো ব্লকও বসে গেছে। গত জুলাইয়ে নদীতে পানি আসার পর তড়িঘড়ি করে পানির মধ্যে হাতড়ে ব্লক বসানো হয়। সে সময় কাজ শেষ হতে না হতেই আবার দুই সারি ব্লক বসে যায়। তখন বালুর বস্তা দিয়ে কোনো রকমে ঠেকানো হয়। সম্প্রতি নদীর পানি কমার সঙ্গে সঙ্গে সেখানে আবার ধস নেমেছে।
রাজশাহী পাউবোর নির্বাহী প্রকৌশলী মোখলেছুর রহমান বলেন, এটা পুরোনো ভাঙন। বর্ষার সময় যেটা হয়েছে। শুষ্ক মৌসুমে তাঁরা বাঁধের রক্ষণাবেক্ষণ কাজ করবেন।
তবে সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী আশরাফুল হক বলেন, নদীশাসন-ব্যবস্থা ভেঙে পড়ার কারণেই সড়ক ও ভবনে ধস নেমেছে। পাউবোর একটি প্রতিরক্ষা-দেয়াল ভেঙে গেছে। তারপর বসানো ব্লক নেমে গেছে। তাদের আগে ওগুলো ঠিক করতে হবে। তারপর সড়ক ঠিক করা যাবে।