ভেঙে পড়েছে পশ্চিমাঞ্চলীয় ট্রেনের সময়সূচি
পশ্চিমাঞ্চলের প্রায় প্রতিটি ট্রেন কয়েক ঘণ্টা দেরিতে চলাচল করছে। এতে ঈদ শেষে ট্রেনে করে ঢাকায় ফিরতে দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের। স্টেশনমাস্টাররা বলছেন, যাত্রীদের চাপ বেশি। ভেতরে ও ছাদে অসংখ্য মানুষ। দুর্ঘটনার আশঙ্কায় ধীরে ট্রেন চালাতে হচ্ছে। এ ছাড়া প্রচুর লোক ওঠানামা করায় প্রতিটি স্টেশনে সময় বেশি লাগছে। আমাদের নিজস্ব প্রতিবেদকদের পাঠানো খবর:খুলনা: গতকাল বৃহস্পতিবার সকাল পৌনে আটটায় খুলনা রেলস্টেশনে এসেছেন রফিকুল ইসলাম। তাঁর মতো আরও অনেকে এসেছেন পরিবার-পরিজন নিয়ে। তাঁদের ট্রেন চিত্রা সকাল আটটা ৪০ মিনিটে ছাড়ার কথা। কিন্তু স্টেশনে এসে জানা গেল, ট্রেনটি বিকেল পাঁচটার দিকে আসবে। এদিকে গত বুধবার রাত আটটার সুন্দরবন এক্সপ্রেস গতকাল সকাল ছয়টা পাঁচ মিনিটে ঢাকার উদ্দেশে খুলনা ছেড়েছে। এ ছাড়া ঈদের পর যে বিশেষ ট্রেন চালু করা হয়েছে, তা ৪ সেপ্টেম্বর থেকে ১২-১৩ ঘণ্টা দেরিতে আসা-যাওয়া করছে। এত দেরিতে ট্রেন চলাচল করায় যাত্রীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। খুলনা রেলস্টেশনের সহকারী স্টেশনমাস্টার মারুফ হোসেন বলেন, ঈশ্বরদী স্টেশনের পর ছয়-সাতটি স্টেশনে যাত্রীরা ট্রেনের ভেতরে ও ছাদে উঠছেন। এ জন্য যেখানে প্রতি স্টেশনে দুই থেকে পাঁচ মিনিট লাগার কথা, সেখানে ২০ থেকে ২৫ মিনিট সময় বেশি লাগছে। এ ছাড়া জয়দেবপুর যাওয়ার পর ক্রসিংয়ের জন্য খুলনার ট্রেনগুলোকে ঘণ্টার পর ঘণ্টা দাঁড় করিয়ে রাখা হচ্ছে। রাজশাহী: রাজশাহী থেকে ঢাকাগামী তিনটি ট্রেনের সময়সূচি ভেঙে পড়েছে। ট্রেনগুলো চার থেকে সাত ঘণ্টা পর্যন্ত দেরিতে পৌঁছাচ্ছে। বুধবার রাতে আন্তনগর ট্রেন ধূমকেতু এক্সপ্রেসের নির্ধারিত সময় ছিল রাত ১১টা ২০ মিনিটি। ট্রেনটি রাজশাহী থেকে ছেড়ে গেছে গতকাল সকাল সাড়ে ছয়টায়। বুধবার বিকেল চারটায় পদ্মা এক্সপ্রেস ট্রেনটির রাজশাহী থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল। সেই ট্রেনটি রাজশাহী থেকে ছেড়ে গেছে রাত আটটায়। গতকাল সকাল সাড়ে সাতটায় সিল্কসিটি রাজশাহী থেকে ছেড়ে যাওয়ার কথা থাকলেও ট্রেনটি ছেড়ে গেছে বেলা ১১টায়। দেরিতে চলাচলের কারণে ৬ সেপ্টেম্বর থেকে ট্রেন তিনটির যাত্রীদের অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে। সিল্কসিটি ট্রেনের যাত্রী ইমরান হোসাইন বলেন, রাস্তার যানজট, সময় অপচয় আর দুর্ঘটনা এড়াতে তাঁরা ট্রেনে যান। কিন্তু ট্রেনের এত দুর্ভোগ আর সহ্য হচ্ছে না। রাজশাহী রেলওয়ে স্টেশনের তত্ত্বাবধায়ক আলী আকবর বলেন, বাড়তি যাত্রীর কারণে এই বিলম্বের ঘটনা ঘটছে। প্রতি স্টেশনেই অতিরিক্ত যাত্রী উঠছে। যে ট্রেন ঢাকায় পাঁচ ঘণ্টা বিলম্বে যাচ্ছে, সেটি ছয় ঘণ্টা বিলম্বে রাজশাহীতে ফিরে আসছে। তিনি বলেন, যাত্রীদের চাপ না কমলে এ অবস্থার উত্তরণ হবে না।সিরাজগঞ্জ: এদিকে সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী ও উল্লাপাড়া রেলস্টেশন হয়ে চলাচলকারী ট্রেনগুলোও দেরিতে যাওয়া-আসা করছে। বুধবার সরেজমিনে দেখা গেছে, স্টেশনে যাত্রীরা গিজগিজ করছে। প্ল্যাটফর্মে দাঁড়ানোর জায়গা পর্যন্ত নেই। রাজশাহী থেকে ঢাকাগামী সিল্কসিটি আন্তনগর ট্রেনটি সকাল সাড়ে নয়টায় উল্লাপাড়া থেকে ছেড়ে যাওয়ার কথা থাকলেও বিকেল পাঁচটা পর্যন্ত ট্রেনটি স্টেশনেই আসেনি। স্টেশন সূত্র জানায়, তিনটার সময় ট্রেনটি রাজশাহী থেকে রওনা হয়েছে। একইভাবে চিত্রা, দ্রুতযান, নীলসাগরসহ সব আন্তনগর ট্রেনগুলো দেরিতে আসা-যাওয়া করছে। প্রতিটি ট্রেন নির্ধারিত সময়ের চেয়ে ৮ থেকে ১০ ঘণ্টা দেরিতে চলাচল করছে।উল্লাপাড়ার স্টেশনমাস্টার মো. আবদুল জব্বার জানান, অতিরিক্ত যাত্রীদের কারণে এবং ছাদে যাত্রী ওঠায় ট্রেনের গতি অর্ধেক কমিয়ে চলাচল করতে হচ্ছে। ইতিমধ্যে অনেক যাত্রী ছাদ থেকে পড়ে মারা যাওয়ায় কর্তৃপক্ষ ট্রেনের গতি কমিয়ে দিয়েছে। যে কারণে সাময়িক অসুবিধা হচ্ছে। এ ছাড়া বিভিন্ন স্টেশনে যাত্রীদের ওঠানামায় সময় বেশি লাগছে।