ভেঙে পড়েছে পানখালী সেতু

পটুয়াখালীর গলাচিপা উপজেলার চিকনিকান্দি ইউনিয়নের পানখালী খালের ওপর লোহার সেতুটি মেরামতের চার মাসের মাথায় ভেঙে পড়েছে। দুর্ভোগে পড়েছে সেতু পেরিয়ে স্কুলে লেখাপড়া করতে আসা শিক্ষার্থী ও পানখালী গ্রামের বাসিন্দারা।
এদিকে চার মাস আগে পৌনে দুই লাখ টাকা ব্যয় করে সেতুটি মেরামতের পর হঠাৎ ভেঙে পড়ায় এ নিয়ে নানা অভিযোগ উঠেছে। এলাকার লোকজন বিশেষ করে এলাকার শিশুদের স্কুলে যাতায়াতের জন্য জরুরি ভিত্তিতে সেতুটি নির্মাণের দাবি জানিয়েছে।
স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, চিকনিকান্দি ইউনিয়নের পানখালী গ্রামের মধ্য দিয়ে বয়ে গেছে পানখালী খাল। সেতুর দক্ষিণ পাড়ে রয়েছে পানখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, পানখালী পাঞ্জেদিয়া মাধ্যমিক বিদ্যালয় ও দুটি মাদ্রাসা। লেখাপড়ার জন্য উত্তর পাড়ের শিক্ষার্থীদের সেতু পেরিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে আসা-যাওয়া করতে হয়। এ ছাড়া পানখালী গ্রামের বাজারও বসে সেতুর দক্ষিণ প্রান্তে। প্রতিদিন এই সেতু দিয়ে গ্রামের শত শত মানুষ চলাচল করে।
এদিকে গতকাল শনিবার সকালে সরেজমিনে দেখা যায়, নতুন রং করা, দেখতে নতুন লোহার এই সেতুটি ভেঙে খালে পড়ে রয়েছে। খালটি পারাপারের কোনো ব্যবস্থা নেই। খালের উত্তর প্রান্তের বেশির ভাগ শিক্ষার্থী স্কুলে আসতে পারেনি। মানুষও নিত্যপ্রয়োজনীয় কেনাকাটা করতে বাজারে আসতে পারছে না। মূলত গ্রামের দুই পাড়ের বাসিন্দারা বিচ্ছিন্ন হয়ে রয়েছে।
শিক্ষাপ্রতিষ্ঠান সূত্র জানায়, পানখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ৩০০ শিক্ষার্থী রয়েছে এবং পানখালী পাঞ্জেদিয়া মাধ্যমিক বিদ্যালয়ে ৪০০ ছাত্রছাত্রী লেখাপড়া করছে। এ দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিদিন অন্তত ৩০০ শিক্ষার্থী সেতু দিয়ে বিদ্যালয়ে আসা-যাওয়া করে।
গত ৩০ এপ্রিল দুপুরে প্রাথমিক বিদ্যালয়ে প্রথম পালার শিক্ষার্থীদের ছুটি শেষে বাড়ি ফেরার পথে ৩০ থেকে ৪০ জন শিক্ষার্থী নিয়ে বিকট শব্দে সেতুটি খালে ভেঙে পড়ে।
পানখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নেছারউদ্দিন বলেন, উত্তর পাড়ের শিক্ষার্থীরা সেতু পেরিয়ে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। আশপাশের লোকজনই শিশুদের উদ্ধার করে। এ ঘটনায় স্কুলের নয়টি শিশু আহত হয়। সেতু ভেঙে পড়ার পর স্কুলে শিক্ষার্থীদের উপস্থিতি কমে গেছে।
পাঞ্জেদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ বলেন, জরুরি ভিত্তিতে সেতু মেরামত করে পারাপারের ব্যবস্থা করা না হলে শিক্ষার্থীদের লেখাপড়ায় মারাত্মক ক্ষতি হবে।
চিকনিকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অবনি ভূষণ শীল বলেন, এলাকার গুরুত্বপূর্ণ সেতুটি মেরামতে কর্তৃপক্ষ চরম দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে। নতুন কয়েকটি পাটাতন বসানো ও রং করা হয়েছে। নিচের লোহার বিম যেমন ছিল তেমনি রয়েছে। যেনতেনভাবে কাজ করায় সেতুটি ভেঙে পড়েছে।
তবে মেরামতে অনিয়মের অভিযোগ সঠিক নয় দাবি করে এলজিইডির গলাচিপা উপজেলা প্রকৌশলী আতিকুর রহমান তালুকদার বলেন, আসলে লোহার এই সেতুটি ৪০ বছরের পুরোনো। দৈর্ঘ্য ১৪০ ফুট এবং প্রস্থ ৬ ফুটের এই সেতুটি মানুষের চলাচলের জন্য গত অর্থবছরে জরুরি মেরামত করা হয়। ভেঙে যাওয়া স্লিপারগুলো সরিয়ে নতুন ঢালাই স্লিপার বসানো, রেলিং মেরামত ও রং করা হয়েছে। এতে ব্যয় হয়েছে ১ লাখ ৭৯ হাজার টাকা। নিচের লোহার বিম পুরোনো, বিম ভেঙে এই অবস্থার সৃষ্টি হয়েছে। তবে এখানে নতুন করে সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
এলজিইডির পটুয়াখালীর নির্বাহী প্রকৌশলী আবু সালেহ মো. হানিফ প্রথম আলোকে বলেন, নতুন করে লোহার সেতু নির্মাণ টেকসই হবে না। তাই পানখালী খালের ওপর আরসিসি ঢালাই সেতু নির্মাণের প্রকল্প নেওয়া হয়েছে। তবে জরুরি চলাচলের জন্য বিকল্প ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।