ভেঙে পড়েছে রেল ও সড়ক যোগাযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কয়েক দিনের টানা ভারী বৃষ্টিতে ভারতের পশ্চিমবঙ্গের সাতটি জেলায় ব্যাপক বন্যা দেখা দিয়েছে। ভেঙে গেছে বাঁধ, তলিয়ে গেছে বাড়িঘর, ফসলের খেত ও রাস্তাঘাট। এতে রাজ্যের রাজধানী কলকাতার সঙ্গে সড়ক ও রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে রাজ্যের উত্তরাঞ্চল বা উত্তরবঙ্গের ওই সাতটি জেলার।

যোগাযোগবিচ্ছিন্ন হয়ে পড়া জেলা সাতটি হলো কোচবিহার, দার্জিলিং, মালদহ, উত্তর দিনাজপুর, দ‌ক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার। এ ছাড়া উত্তর-পূর্ব ভারতের সাতটি রাজ্যের প্রবেশদ্বার হিসেবে পরিচিত শিলিগুড়ির সঙ্গেও সড়ক ও রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

গতকাল কিষানগঞ্জের কাছে মহানন্দা নদীর বাঁধ ভেঙে যাওয়ায় গোটা কিষানগঞ্জ প্লাবিত হয়েছে। পানির তলায় চলে গেছে রেলস্টেশন। ডুবে গেছে মহাসড়ক। একই সঙ্গে ঝাড়খন্ডের একটি বাঁধ খুলে দেওয়ায় ময়ূরাক্ষী নদীর পানি উপচে প্লাবিত হয়েছে উত্তরবঙ্গ। ডুবে গেছে রায়গঞ্জ, বালুরঘাট, মালদা।

কলকাতা, হাওড়া ও শিয়ালদহ থেকে উত্তরবঙ্গমুখী সব ট্রেন গতকালও বাতিল করা হয়। আসছে না কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, নিউ জলপাইগুড়ি তথা আসামের দিক থেকে কোনো ট্রেনও।

মালদহের কালিয়াচক এলাকায় গঙ্গা নদীর প্রবল ভাঙনে তলিয়ে গেছে বহু বাড়িঘর এবং ফসলের জমি।

উত্তরাঞ্চলে প্রবাহিত তিস্তা, তোরসা, কালজানি, গঙ্গা, রায়ডাক, মহানন্দা, করলা, পাঙ্গা ও সংকোশ নদীর পানি বিপৎসীমার অনেক ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।