ভেঙে পড়েছে সাতক্ষীরার সড়ক যোগাযোগব্যবস্থা
সাতক্ষীরার সঙ্গে খুলনার সরাসরি সড়ক যোগাযোগ পুনঃস্থাপন হয়নি গত এক মাসেও। বন্ধ রয়েছে কয়রা ও পাইকগাছার সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ। তালা উপজেলার সড়কগুলোর অবস্থা এতটাই বেহাল যে সেগুলো ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। সাতক্ষীরা শহরের অধিকাংশ সড়কও চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সব মিলিয়ে দীর্ঘ জলাবদ্ধতায় সাতক্ষীরা জেলার সড়ক যোগাযোগব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২ আগস্ট থেকে টানা বৃষ্টি, কপোতাক্ষ ও বেতনা নদীর উপচে পড়া পানিতে তালা উপজেলার অধিকাংশ এলাকা এবং সাতক্ষীরা শহরের একাংশ তলিয়ে যায়। এর পর থেকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বেনেরপোতা, মীর্জাপুর ও আঠারমাইল এলাকা পানিতে তলিয়ে রয়েছে। বন্ধ হয়ে যায় সব ধরনের যান চলাচল। একপর্যায়ে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর ঘোষণা দিয়ে যান চলাচল বন্ধ করে দেয়। গত বুধবার থেকে বেনেরপোতা থেকে পানি নেমে গেলেও সড়কের পিচ ও খোয়া উঠে গেছে। সড়কের মীর্জাপুর ও আঠারমাইল এলাকায় এখনো স্থানবিশেষ দুই থেকে তিন ফুট পানি রয়েছে। বর্তমানে এখানে নৌকা চলছে।একই কারণে তালা থেকে পাইকগাছা সড়কের আট কিলোমিটার এলাকা পাঁচ-সাত ফুট পানিতে তলিয়ে গিয়ে কয়রা ও পাইকগাছা উপজেলার সঙ্গে সারা দেশের যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। সড়কের ওপর দিয়ে চলছে নৌকা ও ইঞ্জিনচালিত ট্রলার। খোয়া বের যাওয়ায় কুমিরা-তালা সড়কটিও চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। পানিতে তলিয়ে থাকায় উপজেলার অভ্যন্তরীণ তালা-কলারোয়া, তালা-জাতপুর, ইসলামকাটি-জেঠুয়া, তালা বাজার-জাতপুর, ইসলামকাটি-উথুলে খেয়াঘাট, নওয়াপাড়া-বাজার তেঁতুলিয়া, ত্রিশমাইল-ধান্দিয়া, আহসাননগর-মাছখোলা ও ভৈরবনগর-আখড়াখোলা সড়কের অধিকাংশ স্থান চলাচলের অনুপযোগী।সাতক্ষীরা শহরের বাসিন্দা আমিনুর রহমান, আজগর আলী, আবদুল লতিফসহ অনেকে জানান, শহরের শহীদ নাজমুল সড়ক, শহীদ রীমু সড়ক, আবুল কাসেম সড়ক, নূর মোহম্মদ খাঁ সড়ক, লস্কারপাড়া সড়ক, খানপুর সড়কসহ অসংখ্য সড়ক চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এ সড়কে মাঝেমধ্যে ইট ফেলে গর্ত ভরাট করা হলেও কয়েক দিন যেতে না-যেতেই অবস্থা আবার আগের চেয়ে খারাপ হয়ে যায়।তালা উপজেলা প্রকৌশলী নারায়ণ চন্দ্র সরকার জানান, উপজেলার ১০টি প্রধান সড়ক কম-বেশি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এখনো অনেক সড়ক পানিতে তলিয়ে আছে। যেসব সড়ক থেকে পানি নেমে গেছে, সেগুলোতে ইটের খোয়া ফেলে চলাচলের উপযোগী করার চেষ্টা করা হচ্ছে।সাতক্ষীরা পৌরসভার মেয়র আবদুল জলিল বলেন, শহরের কয়েকটি সড়ক চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। বৃষ্টির কারণে পিচ উঠে গেছে। এর ওপর পাকা পুলের সেতুটি নির্মাণে দেরি হওয়ায় শহরের ওপর দিয়ে ভারী যানবাহন চলে সড়ক নষ্ট হচ্ছে। বৃষ্টি না কমলে নতুন করে তা করা যাচ্ছে না। তবে চলাচলের উপযোগী করার জন্য ইট ফেলে সংস্কার অব্যাহত রয়েছে।সাতক্ষীরা সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবদুর রহিম জানান, বন্যার পানিতে ডুবে থাকায় পিচ, খোয়া ও পাথর উঠে সাতক্ষীরা-খুলনা সড়কের অবস্থা খুবই নাজুক হয়ে পড়েছে। তালা-পাইকগাছা সড়ক এখনো পাঁচ থেকে সাত ফুট পানিতে তলিয়ে রয়েছে। কবে পানি নামবে, তা বলা যাচ্ছে না। পুরোপুরি না নেমে গেলে এই সড়ক সংস্কার কিংবা মেরামত করলে দ্রুত নষ্ট হয়ে যাবে। পানি নেমে গেলেই দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।