ভেঙে পড়েছে স্কুলভবনের চাল, বারান্দায় ক্লাস
সিলেটের বালাগঞ্জ উপজেলার বাবরকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের চাল ভেঙে পড়ায় শিক্ষার্থীরা বারান্দায় ক্লাস করতে বাধ্য হচ্ছে। অন্য একটি ঝুঁকিপূর্ণ ভবনেও ক্লাস নেওয়া হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরে জানানো হলেও সমাধান মিলছে না।স্থানীয় সূত্রে জানা যায়, ১৯৬২ সালে নির্মিত আধাপাকা একমাত্র ভবনে বিদ্যালয়ের কার্যক্রম চলছিল। ১৯৯৬ সালে বিদ্যালয়ে একটি পাকা ভবন নির্মিত হয়। কিন্তু কয়েক বছরের মধ্যেই নতুন ভবনের দেয়াল, মেঝে ও ছাদের পলেস্তারা খসে পড়া শুরু হয়। সামান্য বৃষ্টিতে ছাদ ও দেয়াল চুইয়ে পানি পড়তে থাকে। এ অবস্থায় শিক্ষার্থীদের নিরাপত্তার কথা ভেবে ওই ভবন পরিত্যক্ত ঘোষণা করে পুরনো ভবনেই পাঠদান চলতে থাকে। কিন্তু গত ৭ মার্চ রাতে প্রচণ্ড ঝড়ে বিদ্যালয়ের পুরোনো ভবনের টিনের চালা ভেঙে পড়ে। এরপর বাধ্য হয়ে শিশু শ্রেণীর পাঠদান সাময়িকভাবে বন্ধ রাখা হয়। এখন তিন শতাধিক শিক্ষার্থী পরিত্যক্ত ও চালা উড়ে যাওয়া ভবনের বারান্দায় ক্লাস করছে।সরেজমিনে গিয়ে বারান্দায় চাটাই বিছিয়ে তার ওপর বসে শিক্ষার্থীদের ক্লাস করতে দেখা যায়। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী রেজি বেগম জানায়, তাদের শ্রেণীকক্ষের ছাদ থেকে একাধিকবার পলেস্তারা খসে পড়ে। তার পরও বাধ্য হয়ে এখানেই ক্লাস করতে হচ্ছে। তৃতীয় শ্রেণীর পলাশ দত্ত জানায়, বারান্দায় রোদের মধ্যে ক্লাস করতে তাদের সমস্যা হয়। কয়েকজন শিক্ষার্থী জানায়, বর্ষাকালে সামান্য বৃষ্টিতেই বিদ্যালয়ের মাঠে পানি জমে যায়। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মারজানা বেগম জানান, বাধ্য হয়েই ঝুঁকিপুর্ণ ভবন ও রোদের মধ্যেই ক্লাস নিতে হচ্ছে। বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য গোলাম কিবরিয়া বলেন, বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা উপজেলা শিক্ষা অফিসে জানানো হয়েছে। কিন্তু কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।