ভেঙে ফেলতে হলো ভবনটি
শেষ রক্ষা হলো না রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের উড়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনটির। শেষ পর্যন্ত ভেঙে ফেলতেই হলো। এই ভবনটি গত শনিবার বিকেল থেকে ভেঙে ফেলার কাজ শুরু হয় এবং গতকাল রোববার তা পুরোপুরি সরিয়ে ফেলা হয়েছে।
সরেজমিনে গতকাল বেলা পৌনে একটার দিকে দেখা যায়, ভবনের ওপরের টিনের শেডের পুরোটাই ভেঙে সরিয়ে নেওয়া হয়েছে। প্রাচীর ও মেঝের ইট তুলে অন্যত্র সরিয়ে নিচ্ছেন কয়েকজন। পাশেই বালুর বস্তা প্রস্তুত করা হয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী (পাউবো) গৌরপদ সূত্রধর বলেন, ‘সরকারি আদেশ পেলেই তীর রক্ষার কাজ শুরু করা হবে। বরাদ্দ না পেলে কীভাবে কাজ শুরু করব। আমরা এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন করেছি।’
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেওয়ান মাহবুবুর রহমান জানান, বিদ্যালয়টি পরিদর্শনের পর ভেঙে ফেলতে বলা হয়। এ ছাড়া পানি উন্নয়ন বোর্ড তীর রক্ষার জন্য বরাদ্দের টাকা কীভাবে খরচ করেছে, তা লিখিত প্রতিবেদন আকারে জমা দিতে বলা হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) আশরাফ হোসেন জানান, বিদ্যালয় ভবনটি পুনরায় স্থাপনের সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে ৪৫ হাজার টাকা ও ১২ বান্ডিল ঢেউটিন দেওয়া হবে। জেলা প্রশাসন থেকে আপত্কালীন এর চেয়ে বেশি বরাদ্দ দেওয়ার সুযোগ নেই।
বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য জিয়াউল হক বলেন, ‘ভবনটি মাঠের অন্য পাশে সরিয়ে নেওয়ার জন্য স্বেচ্ছাশ্রমে কাজ করছি। ইতিমধ্যে অনেক শিক্ষার্থী বিদ্যালয়ে আসা বন্ধ করে দিয়েছে। এখনো কার্যকর পদক্ষেপ নিলে পাকা অন্য ভবনটি রক্ষা করা সম্ভব হবে।’
বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি জহুরুল ইসলাম জানান, পাকা ভবনটিও ঝুঁকির মধ্যে রয়েছে। এ কারণে দুপুর থেকে বেঞ্চ বের করে নেওয়া হচ্ছে। কারণ যেকোনো সময়ে দুর্ঘটনা ঘটতে পারে। তবে নদীতীর সংরক্ষণের কাজ সঠিকভাবে ও সঠিক সময়ে করা হলে এ অবস্থা হতো না। এতে করে বিদ্যালয়সহ আশপাশের বসতবাড়ি হুমকিতে পড়েছে। ভাঙন-আতঙ্কে অনেকেই রাতে ঘুমাতে পারছেন না।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিজেন্দ্রনাথ দাস বলেন, ‘বিভিন্ন দপ্তরে ভবনটি রক্ষার জন্য লিখিত ও অলিখিতভাবে অনুরোধ করেছি। শেষ পর্যন্ত একটি ভবন ভেঙে ফেলতে হলো। অবশিষ্ট পাকা ভবনটি নদী থেকে চার-পাঁচ হাত দূরে রয়েছে। এটিও যেকোনো সময় নদীগর্ভে বিলীন হতে পারে—এমন আশঙ্কা রয়েছে। এখানে প্রাণের ঝুঁকি নিয়ে শ্রেণি কার্যক্রম পরিচালনা করা সম্ভব হচ্ছে না।’
এ বিষয়ে গতকাল প্রথম আলোয় ‘উড়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়, নদী থেকে দেড় হাত দূরে ভবন’ শিরোনামে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।
বিদ্যালয় সূত্রে জানা যায়, ১৯৩১ সালে বিদ্যালয়টি স্থাপন করা হয়। বর্তমানে শিক্ষাপ্রতিষ্ঠানটিতে পাঁচজন শিক্ষক কর্মরত রয়েছেন। কয়েক বছর ধরে নদীভাঙনের ফলে বিদ্যালয়ের শিক্ষার্থী কমে যাচ্ছে। এখন বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা ২১০। শিক্ষাপ্রতিষ্ঠানটিতে ষাটের দশকে একটি পাকা ভবন ও ২০০১ সালে আরেকটি পাকা ভবন নির্মাণ করা হয়। প্রথমে স্থাপিত পাকা ভবনটির ছাদ ব্যবহারের অনুপযোগী হয়ে যায়। পরে আশির দশকের শেষ দিকে ছাদ ভেঙে টিনশেড করা হয়।