ভেঙে ফেলা শহীদ মিনারটি মেরামত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের জোংড়া ন্যাশনাল উচ্চবিদ্যালয়ের গুঁড়িয়ে দেওয়া শহীদ মিনারটি মেরামত করা হয়েছে। উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে বিদ্যালয় কর্তৃপক্ষ মেরামতের কাজ গতকাল রোববার শেষ করেছে।
১৯৯৬ সালে জোংড়া ন্যাশনাল উচ্চবিদ্যালয় চত্বরে নির্মিত শহীদ মিনারটি ৯ ডিসেম্বর রাতে গুঁড়িয়ে দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় ছাত্রলীগের স্থানীয় কতিপয় নেতা-কর্মী জড়িত বলে অভিযোগ ওঠে।
জানা গেছে, পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল হক, জোংড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মাহমুদুন্নবী ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আশরাফ আলীর যৌথ উদ্যোগে সাময়িকভাবে শহীদ মিনারটি মেরামত করা হয়েছে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এ কে এম সহিদুর রহমান বলেন, শহীদ মিনার ভাঙার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশের সহযোগিতা চাওয়া হয়েছে। তবে কাল বিজয় দিবস পালনের পর বিদ্যালয়ের পূর্ব প্রান্তে নতুন করে একটি শহীদ মিনার স্থাপনের সিদ্ধান্ত হয়েছে।
এদিকে উপজেলা ছাত্রলীগ নিজস্ব তদন্তে শহীদ মিনার ভাঙার সঙ্গে জোংড়া ইউনিয়ন ছাত্রলীগের কারও সংশ্লিষ্টতা পায়নি বলে দাবি করেছে। উপজেলা ছাত্রলীগের সভাপতি আকতারুল ইসলাম বলেন, ছাত্রলীগের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে একটি মহল এ ঘটনা ঘটিয়ে ছাত্রলীগের ওপর দায়ভার চাপিয়ে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে।
১৩ ডিসেম্বর প্রথম আলোতে ‘শহীদ মিনার ভাঙায় ছাত্রলীগ জড়িত?’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।