ভেঙে ফেলা সাঁকো পুনর্নির্মাণ করে দিলেন তিনি
বরিশালের উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের দক্ষিণ মুন্সীরতাল্লুক গ্রামের ভেঙে ফেলা সাঁকোটি অবশেষে পুনর্নির্মাণ করে দিলেন সেই আওয়ামী লীগ নেতা। গতকাল সোমবার দিনভর লোকজন নিয়ে কাজ করে সাঁকোর ভাঙা অংশ মেরামত করেছেন তিনি।
গ্রামের আধিপত্য বিস্তারের জের ধরে গত শুক্রবার সাঁকোটি ভেঙে ফেলেন জল্লা ইউনিয়ন আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আলমগীর শিকদার ও তাঁর ছেলেরা। সাঁকো ভেঙে দেওয়ায় দুর্ভোগে পড়ে স্কুল, কলেজের শিক্ষার্থীসহ চার গ্রামের ১৫ হাজার মানুষ।
উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের মুন্সীরতাল্লুক পাকা সড়ক থেকে দক্ষিণ মুন্সীরতাল্লুক পর্যন্ত ভায়া বায়তুল আমান জামে মসজিদের গোড়ায় ৬০ ফুট দীর্ঘ একটি বাঁশের সাঁকো নির্মাণ করে চার গ্রামের মানুষ যাতায়াত করে আসছিল। সাঁকোটি ভেঙে ফেলায় মুন্সীরতাল্লুক স্কুল অ্যান্ড কলেজ, মুন্সীরতাল্লুক সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুন্সীরতাল্লুক দাখিল ও নুরানী মাদ্রাসা, মুন্সীরতাল্লুক বাজার ও মুন্সীরতাল্লুক বায়তুল আমান জামে মসজিদের মুসল্লিসহ চার গ্রামের ১৫ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
গ্রামবাসী সূত্র জানায়, এলাকায় আধিপত্য বিস্তার ও মসজিদ কমিটি গঠনের বিরোধকে কেন্দ্র করে দক্ষিণ মুন্সীরতাল্লুক গ্রামের আলমগীর শিকদার মসজিদ পরিচালনা কমিটি গঠনের বিরোধকে কেন্দ্র করে গত শুক্রবার সাঁকোটি ভেঙে দেন। পরের দিন সাঁকো ভাঙার প্রতিবাদে সাঁকো ভাঙায় জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে গ্রামবাসী বিক্ষোভ মিছিল করে। পরে চাপের মুখে গতকাল সোমবার আলমগীর শিকদার তাঁর লোকজন নিয়ে দিনভর কাজ করে সাঁকোটি পুনর্নির্মাণ করেন।
উজিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) হেমায়েত হোসেন খান বলেন, জনসাধারণের ভোগান্তি সৃষ্টির অধিকার কারও
নেই। সাঁকোটি মেরামত করে দেওয়ার জন্য আলমগীর শিকদারকে তিন দিনের সময় দেওয়া হয়েছিল। এর মধ্যেই তিনি সাঁকোটি নির্মাণ করে দিয়েছেন।
সাঁকো নির্মাণের প্রতিক্রিয়া জানিয়ে জল্লা ইউপির চেয়ারম্যান বিশ্বজিৎ হালদার বলেন, ‘সাধারণ মানুষের সঙ্গে যুদ্ধে নেমে কেউ কোনো দিন বিজয় লাভ করতে পারেনি। শুভবুদ্ধির উদয় হয়েছে এ জন্য তাঁকে ধন্যবাদ।’