ভেঙে ফেলা হবে কুতুব শাহীর নতুন স্থাপনা
পুরাকীর্তি আইন ভঙ্গ করে সুলতানি ও মোগল স্থাপত্যের নিদর্শন কিশোরগঞ্জের অষ্টগ্রামে কুতুব শাহী মসজিদের পাশে স্থাপনার কাজ বন্ধ করে দেওয়ার পাশাপাশি ভেঙে ফেলার সিদ্ধান্ত হয়েছে। পুরাকীর্তির বিকৃতি থেকে মসজিদটি রক্ষায় প্রত্নতত্ত্ব অধিদপ্তর এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন অধিদপ্তরের ঢাকা বিভাগের আঞ্চলিক পরিচালক রাখি রায়।
গতকাল বৃহস্পতিবার বিকেলে মুঠোফোনে রাখি রায় প্রথম আলোকে বলেন, নিয়ম হলো পুরাকীর্তির আকার-আকৃতি অবিকৃত রাখতে হবে। এই কারণে নতুন স্থাপনা নির্মাণের কোনো সুযোগ নেই। সত্য হলো নিয়ম ভঙ্গ করে কুতুব শাহী মসজিদে স্থাপনা করা হচ্ছিল। তিনি জানান, গতকাল উপজেলা প্রশাসনের মাধ্যমে নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে স্থাপনাটি ভেঙে ফেলা হবে বলেও তিনি জানান।
নূরে আলম নামে কুতুব শাহী মসজিদের এক খাদেম বলেন, কুতুব শাহী মসজিদ যদি ঐতিহাসিক হয়, তাহলে তাঁর কবরও ঐতিহাসিক। সে কারণে সুরক্ষার চিন্তা থেকে নতুন স্থাপনা নির্মাণ করা হচ্ছিল। পরে তিনি স্বীকার করেন, ঐতিহাসিক স্থানটিতে নতুন স্থাপনা করা সঠিক হয়নি।
স্থানীয় সাংস্কৃতিক সংগঠক ফরিদ রায়হান বলেন, ‘আর কোনো দিন পুরাকীতির বিকৃতি করা হবে না, আমরা এইটুকু নিশ্চয়তা চাই।’
মসজিদটি পাঁচ গম্বুজবিশিষ্ট। নামকরণ হয়েছে ওই আমলের বিখ্যাত দরবেশ কুতুব শাহের নামে। নির্মাণসময় ১৬০০ শতাব্দী। ধারণা করে হয়ে থাকে, অঞ্চলটিতে সুলতানি আমলের শক্তিশালী কোনো শাসকের পদচারণ ছিল। ঐতিহাসিক প্রেক্ষাপটের কারণে ১৯০৯ সালে সরকার মসজিদটিকে সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে ঘোষণা করে। বর্তমানে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে পরিচালিত হচ্ছে। বর্তমানে ‘কুতুব শাহী মসজিদ’-এর পাশে জনৈক এক ব্যক্তির দেওয়া টাকা দিয়ে কুতুব শাহের কবরে মাজার করার উদ্দেশ্যে নতুন করে স্থাপনা নির্মাণ করা হচ্ছিল।