ভেঙে ফেলা হয়েছে ইটভাটার চিমনি মালিককে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গা সদর উপজেলার শম্ভুনগর গ্রামের সুপার ইটভাটার চিমনি ভেঙে দেওয়া হয়েছে। পাশাপাশি এর মালিক আবদুল ওয়াদুদকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অনুমোদন ছাড়া ইটভাটা স্থাপন, ড্রাম চিমনির ব্যবহার এবং কাঠ পোড়ানোর অভিযোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী সায়েমুজ্জামানের আদালত গত বুধবার দুপুরে এই জরিমানা করেন। অভিযানকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদাত আনোয়ার, র‌্যাবের (র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন) উপসহকারী পরিচালক আকবর আলী, পুলিশের উপপরিদর্শক মাসুদুর রহমান এবং বন বিভাগের বনরক্ষক আবু সাঈদ উপস্থিত ছিলেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী সায়েমুজ্জামান অবৈধভাবে ইট পোড়ানোর দায়ে ভাটার মালিক সদর উপজেলার সড়াবাড়িয়া গ্রামের আবদুল ওয়াদুদকে ৪০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত ওয়াদুদ তাৎক্ষণিক নগদ টাকা পরিশোধ করেন। এ সময় ভ্রাম্যমাণ আদালতের সদস্যরা উপস্থিত থেকে ভাটা থেকে ড্রামের চিমনি অপসারণ এবং তা ধ্বংস করেন। একই সঙ্গে আদালত ভাটাটি স্থায়ীভাবে বন্ধের নির্দেশ দেন।