ভেঙে ফেলার নির্দেশ অমান্য করে উঠেছে ১১ তলা ভবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী নগরের সাহেব বাজার জিরোপয়েন্ট এলাকায় নির্মাণাধীন ‘এস এস টাওয়ার’ নির্মাণের শর্ত ছিল, ভবনের সামনে ১ দশমিক ৫০ মিটার এবং পেছনে ও উভয় পাশে এক মিটার করে জায়গা ছেড়ে নির্মাণকাজ করতে হবে।
শর্তগুলো অমান্য করায় গত ২৩ জুন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) ভবনটির অবৈধ অংশ ভেঙে ফেলার নির্দেশ দেয়। কিন্তু সেই নির্দেশ অমান্য করে মাত্র পৌনে তিন কাঠা জমির ওপর আটতলার অনুমোদন নেওয়া ভবনটি এরই মধ্যে ১১ তলা পর্যন্ত নির্মাণ করা হয়েছে। ভবনটিতে বুকিংয়ের জন্য সাইনবোর্ডও টাঙানো হয়েছে। এ ঘটনায় ২২ সেপ্টেম্বর আরডিএ মুখ্য মহানগর হাকিম আদালতে মামলা দায়ের করে। আদালত মামলাটি আমলে নিয়ে আগামী ১০ ডিসেম্বর শুনানির দিন ধার্য করেন।
মাত্র পৌনে তিন কাঠা জমির ওপর নগরের প্রাণকেন্দ্রে গড়ে ওঠা এই ভবনটি এরই মধ্যে সবার নজর কেড়েছে। জিরোপয়েন্ট এলাকায় এর চেয়ে উঁচু আর কোনো ভবন নেই। তার ওপর সামান্য জমির ওপর এত উঁচু ভবন নির্মাণ করার কারণে ঝুঁকির আশঙ্কা করছেন অনেকেই।
আরডিএ সূত্রে জানা গেছে, সাহেব বাজার চৌরাস্তার মোড়ে রামপুর মৌজার আরএস খতিয়ানের ১১৫ নম্বর দাগে সাজ্জাদ হোসেন আটতলা ভবন নির্মাণের জন্য আরডিএ থেকে নকশা অনুমোদন করে নেন। শর্ত ছিল, ভবনের সামনে ১ দশমিক ৫০ মিটার এবং পেছনে ও উভয় পাশে এক মিটার করে জায়গা ছেড়ে নির্মাণকাজ করতে হবে। কিন্তু নির্মাণের সময় তিনি তা করেননি। পাঁচতলা পর্যন্ত নির্মাণ করা হলে অনিয়মটি আরডিএর নজরে আসে।
এরপর আরডিএ থেকে গত ২২ এপ্রিল ভবনের অননুমোদিত অংশ কেন অপসারণ করার নির্দেশ দেওয়া হবে না—এই মর্মে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে ভবনের মালিক যে জবাব দেন, তা সন্তোষজনক না হওয়ায় আরডিএ থেকে ২৩ জুন অবৈধ অংশ সম্পূর্ণরূপে ভেঙে ফেলার জন্য নির্দেশ দেওয়া হয়। এ সময়ের মধ্যে নির্দেশ পালন না করলে আরডিএ পুনরায় গত ৮ জুলাই তিন দিনের মধ্যে অবৈধ অংশ ভেঙে ফেলার নির্দেশ দেন। এর পরও ভবনের মালিক তা অমান্য করে নির্মাণকাজ চালিয়ে যান। আটতলার অনুমোদন থাকলেও বর্তমানে ভবনটি ১১ তলা পর্যন্ত নির্মাণ করা হয়েছে। ভবনের সামনের অংশে তৃতীয় থেকে অষ্টম তলা পর্যন্ত বুকিংয়ের জন্য সাইনবোর্ড টাঙানো হয়েছে। প্রথম তলায় তৈরি পোশাক বিক্রয়কেন্দ্র ও দ্বিতীয় তলায় শাড়ি, থ্রি-পিস ও ছেলেদের পাঞ্জাবি বিক্রির জন্য দোকান বরাদ্দ দেওয়া হয়েছে।
জানতে চাইলে ভবনের মালিক সাজ্জাদ হোসেন দাবি করেন, আরডিএ তাঁকে ১২ তলার নকশা পাস করে দিয়েছিল। তিনি সেই নকশা অনুসরণ করেননি। তিনি ঢাকার নকশায় কাজ করেছেন। তিনি বলেন, আরডিএ তাঁকে ৩৪টি পাইলিং দিতে বলেছিল। তিনি ৫০টি পাইলিং দিয়েছেন। আরডিএ ৬৫ ফুট গভীর পর্যন্ত পাইলিং করতে বলেছিল। তিনি ৮০ ফুট গভীর করে পাইলিং করেছেন। তাঁর এই ভিতের ওপরে ২০ তলা পর্যন্ত করা যাবে।
আরডিএর ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাশারুল কবির বলেন, ভবনের মালিক আটতলার অনুমোদন নিয়ে ১১ তলা পর্যন্ত নির্মাণ করেছেন। তিনি আরডিএর নোটিশ অমান্য করেছেন। এ কারণে ২২ সেপ্টেম্বর ভবনের মালিকের বিরুদ্ধে মামলা করা হয়েছে।