ভেঙে যাওয়া কালভার্টের নির্মাণ এখনো শুরু হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তরার দক্ষিণখান ইউনিয়নের শহীদ লতিফ সড়কের কসাইবাড়ি অংশে ভেঙে যাওয়া কসাইবাড়ি কালভার্টটির পুনর্নির্মাণ এখনো শুরু হয়নি। এতে করে পুরো ইউনিয়নের যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ২৩ দিন আগে কালভার্টটি ভেঙে পড়ে।
গত শনিবার প্রথম আলোয় ‘কালভার্ট ভেঙে যোগাযোগ বন্ধ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সে সময় দক্ষিণখান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওই প্রতিবেদককে জানিয়েছিলেন, ১২ ডিসেম্বর থেকে কালভার্টের পুনর্নির্মাণ (ঢালাই) কাজ শুরু হবে।
গতকাল শুক্রবার সকালে কসাইবাড়ি গিয়ে দেখা যায়, একটি মোটরের সাহায্যে কালভার্টের পানি সরানোর কাজ চলছে। কালভার্টের উত্তর ও দক্ষিণ অংশের সরু জায়গা দিয়ে চলাচল করছে অসংখ্য মানুষ। স্থানীয়রা জানান, প্রতিদিন সকাল, দুপুর ও সন্ধ্যায় লোকজন সারি বেঁধে ঝুঁকিপূর্ণ জায়গাটুকু পার হয়। এ তিন সময়ে শিক্ষার্থী ও কর্মজীবী লোকই বেশি চলাচল করে।
স্থানীয় বাসিন্দা রুম্মান ফয়সাল বলেন, যোগাযোগের পথ বিচ্ছিন্ন থাকায় বয়স্ক ও শিক্ষার্থীরাই বেশি কষ্ট পাচ্ছে। অতিরিক্ত পথ হাঁটার কারণে তাঁরা ক্লান্ত ও অসুস্থ হয়ে পড়ছে।
কালভার্টটি ভাঙায় পুরো ইউনিয়নের যোগাযোগব্যবস্থা প্রায় অচল হয়ে পড়েছে। যার প্রভাব পড়ছে স্থানীয় ব্যবসা-বাণিজ্যে। স্থানীয় ব্যবসায়ীরা জানান, এটিই ইউনিয়নের মূল সড়ক। ২৩ দিন ধরে এ সড়কে ভারী যান চলাচল বন্ধ আছে। অধিকাংশ লোকজন হেঁটেই যাতায়াত করছে। কেউ কেউ অতিরিক্ত পথ ঘুরে বিকল্প উপায়ে এলাকায় ঢুকছে।
স্থানীয় লোকজন জানান, কসাইবাড়ির উত্তর ও দক্ষিণ পাশে আছে আটটি বড় মার্কেট। পাশাপাশি রয়েছে আরও কিছু ব্যবসায়িক প্রতিষ্ঠান। সড়কের কসাইবাড়ি অংশটি পুরো ইউনিয়নের ব্যবসায়িক কর্মকাণ্ডের কেন্দ্র হিসেবে পরিচিত। অনেক দিন ধরে মূল সড়কটির দুই পাশ বিচ্ছিন্ন থাকায় ব্যবসায়ীরা বিপাকে পড়েছে। চেয়ারম্যানবাড়ি, ইউনিয়ন পরিষদ, দক্ষিণখান থানা, কাজিবাড়ি, কাচপুরা, চালনা, দক্ষিণখান, গাওয়াইর, প্রেমবাগানসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রতিষ্ঠান ও জায়গায় যাওয়ার মূল সড়কও এটিই।
সড়ক নির্মাণের ব্যাপারে জানতে চাইলে দক্ষিণখান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম তোফাজ্জল হোসেন প্রথম আলোকে বলেন, উন্নয়নকাজ চলছে। ইট, বালু, পাথর, সিমেন্ট সবকিছুই প্রস্তুত রয়েছে। আগামী সপ্তাহের মধ্যেই ঢালাইয়ের কাজ শুরু করা হবে।