পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, কুড়িগ্রামে ভেঙে যাওয়া বন্যানিয়ন্ত্রণ বাঁধ দ্রুততম সময়ে মেরামত করা হবে। মন্ত্রী গতকাল শনিবার দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের বাংটুর ঘাট এলাকায় বন্যায় ভেঙে যাওয়া বাঁধ পরিদর্শনে এসে এ কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, বরাদ্দের স্বল্পতার কারণে বাঁধ সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা যায় না। প্রতিবছর বন্যায় ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত করতেই রক্ষণাবেক্ষণের জন্য বরাদ্দ অর্থ শেষ হয়ে যায়। সে কারণে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাঁধের সার্বিক উন্নয়নের জন্য। এ ক্ষেত্রে বাঁধ রক্ষায় কৌশল পরিবর্তন করা হয়েছে। এখন টি-গ্রোয়েন নির্মাণ করে বাঁধ রক্ষার পাশাপাশি জমি উদ্ধার করা হবে। এ ব্যাপারে একটি বড় প্রকল্প হাতে নেওয়া হবে।
এর আগে তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। মন্ত্রী পরে সারোডোব, কালুয়ার চরে ভেঙে যাওয়া বাঁধ এবং উলিপুর উপজেলার বজরা, গুনাইগাছ ও চিলমারী নদীভাঙন এলাকা পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নজরুল ইসলাম বীরপ্রতীক, অতিরিক্ত সচিব মোহাম্মদ আলী, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মাহফুজার রহমান, প্রধান প্রকৌশলী আজিজ মোহাম্মদ ও কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. শফিকুল ইসলাম।