কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপের ঘূর্ণিঝড় আইলায় ভেঙে যাওয়া প্রায় দুই কিলোমিটার বেড়িবাঁধ গত চার বছরেও সংস্কার করা হয়নি। এ কারণে হুমকিতে রয়েছে অর্ধলক্ষাধিক মানুষ। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কর্তৃপক্ষ জানায়, বরাদ্দ না পাওয়ার কারণে বাঁধ সংস্কার করা যাচ্ছে না।সরেজমিনে দেখা গেছে, উপজেলার উপকূলীয় সাবরাং ইউনিয়নে ৬৮ নম্বর ফোল্ডারের প্রায় দুই কিলোমিটার অরক্ষিত বেড়িবাঁধ সংস্কারের অভাবে পড়ে আছে। বিশেষ করে, শাহপরীর দ্বীপের পশ্চিমপাড়া এলাকার দুই কিলোমিটার বেড়িবাঁধ ও সংশ্লিষ্ট এলাকার চার শতাধিক ঘরবাড়ি সাগরে বিলীন হয়ে গেছে। অপর দিকে পার্শ্ববর্তী দক্ষিণপাড়া, ডাঙ্গরপাড়া ও উত্তরপাড়ার আরও সাত শতাধিক ঘরবাড়ি হুমকির মুখে পড়েছে।এ ছাড়া নাফ নদ ও বঙ্গোপসাগরসংলগ্ন জালিয়াপাড়া, পশ্চিম-উত্তরপাড়া, মাঝরডেইল, ক্যাম্পপাড়া, বিলপাড়া, হারিয়াখালী, কচুবুনিয়া ও লাফার ঘোনা এলাকার আরও প্রায় দুই কিলোমিটার বেড়িবাঁধ জরাজীর্ণ অবস্থায় রয়েছে।বিএনপির সাবরাং ইউনিয়ন পরিষদের (ইউপি) সভাপতি ও ইউপির প্যানেল চেয়ারম্যান মোহামঞ্চদ ইসমাইল বলেন, ২০০৯ সালের ২৫ মে ঘূর্ণিঝড় আইলার আঘাতে বেড়িবাঁধ ভেঙে যাওয়ার পর থেকে কোনো ধরনের মেরামত না হওয়ায় জোয়ারের তোড়ে টেকনাফ থেকে শাহপরীর দ্বীপ আলাদা হয়ে যায়। বর্তমান সরকার ক্ষমতায় আসার চার বছর পার হলেও এটি মেরামত না হওয়ায় যেকোনো সংকেতের খবর শুনে সংশ্লিষ্ট এলাকার লোকজন আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে।সাবরাং ইউপির চেয়ারম্যান হামিদুর রহমান জানান, শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের প্রায় দুই কিলোমিটার জরাজীর্ণ হয়ে পড়েছে। পাশাপাশি পশ্চিমপাড়ার অংশের দুই কিলোমিটার বেড়িবাঁধ সাগরে বিলীন হয়ে গেছে। জরাজীর্ণ অংশের সংস্কার না হওয়ায় দুর্যোগের হুমকিতে আছে এই এলাকার অর্ধলক্ষাধিক মানুষ। জরুরিভিত্তিতে এটি সংস্কার না করলে বর্ষা মৌসুমে এ এলাকায় কেউ বসবাস করতে পারবে না।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ মোজাহিদ উদ্দিন বলেন, আইলায় ভেঙে যাওয়া বাঁধ সংস্কার না হওয়ায় হুমকিতে আছে এই এলাকার অর্ধলক্ষাধিক মানুষ। তাই জেলা উন্নয়ন সমন্বয় সভায় বিষয়টি উপস্থাপন করা হবে। কক্সবাজার পাউবোর নির্বাহী প্রকৌশলী মাঈন উদ্দিন আহমদ বলেন, এ ইউনিয়নের প্রায় দুই কিলোমিটার বাঁধ সংস্কারের জন্য ১০৭ কোটি টাকা বরাদ্দ চেয়ে পরিবেশ ও বন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের মাধ্যমে বিশ্বব্যাংকে একটি আবেদন প্রক্রিয়াধীন রয়েছে। বরাদ্দ পেলেই সিসি ব্লক দিয়ে স্থায়ীভাবে বেড়িবাঁধ নির্মাণ করা হবে।