ভেঙে যাচ্ছে পাঁচ গ্রামের মেঠোপথটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শহরের সঙ্গে যোগাযোগের একমাত্র পথ বন্ধ হয়ে যাওয়ার শঙ্কায় এলাকাবাসী নিজেরাই ওই পথটি ইটের গুঁড়া ফেলে সংস্কার করেছেন
ঠাকুরগাঁও সদর উপজেলার সেনুয়া নদীপাড়ের পাঁচটি গ্রামের ১৫ হাজার মানুষের জেলা শহরে যাতায়াতের একমাত্র মেঠোপথটি ভেঙে যাচ্ছে। এতে শহরের সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় পড়েছেন গ্রামবাসী। যদিও গ্রামবাসী নিজেদের উদ্যোগে সব সময় ওই মেঠোপথটি যেকোনো ক্ষতির হাত থেকে রক্ষার চেষ্টা করছেন।
গতকাল রোববার সেনুয়া নদীর পাড়ে গিয়ে দেখা যায়, সেনুয়া নদীপাড়ের বরুনাগাঁও থেকে বগুড়াপাড়া, মেম্বারপাড়া, সেনুয়াপাড়া, পাবনাপাড়ায় যাওয়ার মেঠোপথটির প্রায় ২০০ মিটার নদীর পানির স্রোতে ভেঙে গেছে। শহরের সঙ্গে যোগাযোগের একমাত্র পথ বন্ধ হয়ে যাওয়ার শঙ্কায় এলাকাবাসী নিজেরাই ওই পথটি ইটের গুঁড়া ফেলে সংস্কার করেছেন। এ বছর রাস্তাটি আবার ভাঙতে শুরু করেছে। বিকল্প পথ না থাকায় ওই পথ দিয়েই কৃষিপণ্য নিয়ে চলাচল করছে বিভিন্ন যানবাহন।

ঠাকুরগাঁও সদর উপজেলার সেনুয়া নদীপাড়ের পাঁচটি গ্রামের মানুষের যাতায়াতের একমাত্র মেঠোপথটি ভাঙনের আশঙ্কায় পড়েছে। ছবিটি গতকাল তোলা l প্রথম আলো
ঠাকুরগাঁও সদর উপজেলার সেনুয়া নদীপাড়ের পাঁচটি গ্রামের মানুষের যাতায়াতের একমাত্র মেঠোপথটি ভাঙনের আশঙ্কায় পড়েছে। ছবিটি গতকাল তোলা l প্রথম আলো

শহরের সিএম আইয়ুব বালিকা উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী রওশন আরা ওই পথ দিয়ে স্কুলে যাওয়ার সময় বলে, নদীভাঙনে গ্রামের একমাত্র পথটি সরু হয়ে গেছে। বাইসাইকেল নিয়ে সেই পথ দিয়ে যেতে ভয় লাগে। অমনোযোগী হলেই পিছলে নদীতে পড়ে যাওয়ার ভয় থাকে। কিছুদিন আগে বাইসাইকেল নিয়ে স্কুল থেকে বাড়ি ফেরার পথে জয়ন্তী ও সাবিনা নামের ওর দুই বান্ধবী পিছলে নদীতে পড়ে যায়।
রিভারভিউ উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ফয়জুল হাসান বলে, গ্রামের একমাত্র রাস্তাটি ভেঙে গেলে তাদের স্কুলে যেতে কষ্ট হবে।
জাহেদুল হক নামের বরুনাগাঁও গ্রামের বাসিন্দা বলেন, ‘নদী যেভাবে ভাঙছে তাতে ঘরবাড়ি বিলীন হয়ে যেতে পারে।’
বগুড়াপাড়া গ্রামের কৃষিখামারের মালিক মনিরুল হুদা বলেন, ওই রাস্তায় কৃষিপণ্য নিয়ে যানবাহনে চলাচল করা কঠিন হয়ে উঠেছে। ঝুঁকিপূর্ণ ওই রাস্তায় কৃষিপণ্য পরিবহনের জন্য তাঁদের অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে।
পাবনাপাড়া গ্রামের বাসিন্দা আবদুল গফুর (৪৪) বলেন, ‘কয়েক বছর থেকে আমরা জনপ্রতিনিধিদের কাছে রাস্তাটি রক্ষার জন্য আনুরোধ করছি। তবে তারা এখন পর্যন্ত কোনো উদ্যোগ নেয়নি।’
এ প্রসঙ্গে স্থানীয় সালন্দর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান বলেন, ‘সবে দায়িত্ব গ্রহণ করেছি। ওই এলাকার নদীভাঙনের বিষয়টি আমার নজরে আছে। সমস্যা সমাধানে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।’
এ বিষয়ে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. তৈমুর রহমান বলেন, সেনুয়া নদীপাড় রক্ষায় উদ্যোগ নেওয়া হবে।