ভেঙেই চলেছে আমতলী শহররক্ষা বাঁধের ব্লক
সিডর ও আইলায় ক্ষতিগ্রস্ত বরগুনার আমতলী শহররক্ষা বাঁধের সিসি ব্লকযুক্ত প্রায় ৪০০ মিটার ঢালের জায়গা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। পায়রা নদীর স্রোত ও ঢেউয়ের তোড়ে প্রতিদিন ভাঙনের পরিমাণ বাড়ছে। শহরের লঞ্চঘাট থেকে ফেরিঘাট পর্যন্ত ৫০টি পরিবারের বসতভিটা ইতিমধ্যে ভেঙে গেছে। সরিয়ে নেওয়া হয়েছে স্থানীয় কাঠের বাজার। ঝুঁকির মধ্যে রয়েছে দেড় শ গজ দূরের সরকারি খাদ্য গুদামটি। সিসি ব্লকগুলো ঘূর্ণিঝড় সিডর ও আইলার সময় সৃষ্ট জলোচ্ছ্বাসে ভেঙে যায়। কিন্তু পরবর্তী সময়ে সেগুলো রক্ষণাবেক্ষণ বা পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া হয়নি। খোঁজ নিয়ে জানা গেছে, পায়রার ভাঙন থেকে আমতলী শহর রক্ষা করার জন্য ১৯৯৭-৯৮ সালে শহররক্ষা বাঁধের আমতলী পানি উন্নয়ন অফিস থেকে ফেরিঘাট পর্যন্ত দুই কিলোমিটার এলাকার ঢালে সিসি ব্লক স্থাপন করা হয়। পরে নদীভাঙন স্থিতিশীল হলে বাঁধের বাইরে নদীর তীরঘেঁষে জনবসতি ও ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে ওঠে।২০০৭ সালের ১৫ নভেম্বর ঘূর্ণিঝড় সিডরের প্রবল জলোচ্ছ্বাসে বাঁধের বিভিন্ন পয়েন্টে সিসি ব্লক ধসে যায়। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় ফেরিঘাট থেকে লঞ্চঘাট এলাকার অংশটি। ওই এলাকার প্রায় ২০০ মিটার জায়গা নদীতে ভেঙে যায়। পরে ২০০৯ সালের ২৫ মে আইলার জলোচ্ছ্বাসে লঞ্চঘাট, ফেরিঘাটসহ সমিলপাড়া, ওয়াপদাপাড়ার কমপক্ষে ২০টি পয়েন্টের সিসি ব্লক নদীগর্ভে বিলীন হয়ে যায়।ফেরিঘাট এলাকার মুদি দোকানদার মন্টু মিয়া বলেন, সিডর ও আইলার সময় ব্লক পানিতে ভেসে গেছে। নদীর স্রোত আর ঢেউয়ে প্রতিদিন জমি ভাঙছে। লঞ্চঘাটের পাশে বসবাস করতেন শ্রমজীবী হোসনে আরা ও রহিমা বেগম। তাঁরা জানান, গত বন্যার পর থেকে নদী ভাঙছে। এক মাস আগে তাঁরা ঘর সরিয়ে নিতে বাধ্য হয়েছেন। কাঠ ব্যবসায়ী আমীর আলী জানান, আমতলীর কাঠের বাজারটি আগে খাদ্যগুদামের পাশে ওয়াপদা রাস্তায় ছিল। নদীর পাড়ে ব্লক ফেলানোর পর বাজার সেখানে নেওয়া হয়। কিন্তু এখন আবার ভাঙন শুরু হওয়ায় রাস্তার ওপর কাঠের বাজার বসাতে হচ্ছে।সরেজমিনে দেখা গেছে, যেসব জায়গায় সিসি ব্লক ধসে গেছে, সেসব জায়গায় শহররক্ষা বাঁধ ঝুঁকির মধ্যে রয়েছে। বাঁধের খুব কাছাকাছি ভেতরের দিকে আমতলী সরকারি খাদ্যগুদামটি অবস্থিত। ভাঙন তীব্র হলে গুদামটি মারাত্মক ঝুঁকির মধ্যে পড়বে বলে স্থানীয়রা জানিয়েছেন। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (ওসি-এলএসডি) আ. মালেক বলেন, বর্ষা মৌসুম শুরুর আগেই নদীভাঙন রোধে পদক্ষেপ নেওয়া দরকার। আমতলী পৌর মেয়র নাজমুল আহসান বলেন, পৌর এলাকা ভাঙন থেকে রক্ষার জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া দরকার। বরগুনা পাউবোর নির্বাহী প্রকৌশলী জহির উদ্দিন আহমেদ বলেন, আমতলী শহর রক্ষা বাঁধ মেরামতের জন্য অর্থ বরাদ্দ পাওয়া গেছে, দ্রুত কাজ শুরু হবে।