ভেজা গা ভেজা গামছা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু
বৈদ্যুতিক তারে জড়িয়ে রংপুর কারমাইকেল কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী জাইমুল সাজিদের (১৭) মৃত্যু হয়েছে। জাইমুল নগরের নূরপুর মহাদেবপুর এলাকার বাসিন্দা জেলা পরিষদ সুপার মার্কেটের ব্যবসায়ী সাজেদুর রহমানের ছেলে।
নিহত ব্যক্তির পারিবারিক সূত্র জানায়, বাড়ির বৈদ্যুতিক তার ত্রুটিপূর্ণ ছিল। জাইমুল গত মঙ্গলবার বিকেলে গোসল সেরে একটি স্থানে ভেজা গামছা রাখতে গেলে সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে। বাড়ি ও আশপাশের লোকজন দ্রুত তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যার পর সে মারা যায়।
জাইমুলের মৃত্যুতে কারমাইকেল কলেজে তার সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। গতকাল বুধবার তার স্মরণে সেখান এক মিনিট নীরবতা পালন করা হয়। কলেজের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।
জাইমুল এ বছর রংপুর জিলা স্কুল থেকে এসএসসিতে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়। তার সেই প্রিয় স্কুলে গতকাল সকালে লাশ নিয়ে যাওয়া হয়। সেখানে জানাজা অনুষ্ঠিত হয়।