ভেজাল ও অবৈধ ওষুধ বেচাকেনা বিষয়ে মতবিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে নকল, ভেজাল ও অবৈধ ওষুধ বেচাকেনার বিষয়ে গতকাল রোববার বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির রাজশাহী শাখার উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নগরের শালবাগান এলাকায় একটি রেস্তোরাঁয় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সমিতির রাজশাহী জেলা শাখার সভাপতি জিয়াউল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ওষুধ প্রশাসনের মহাপরিচালক মেজর জেনারেল জাহাঙ্গীর হোসেন মল্লিক, বিশেষ অতিথি ছিলেন এ এ সেলিম বারামী ও সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি ছাদেকুর রহমান। অনুষ্ঠানের সম্মানিত অতিথি ছিলেন সমিতির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আবদুল হাই।
সভায় সমিতির পক্ষ থেকে সাত দফা দাবিসংবলিত একটি স্মারকলিপি মহাপরিচালকের কাছে দেওয়া হয়। দাবিগুলো হলো গোয়েন্দা সংস্থার মাধ্যমে নকল ও ভেজাল ওষুধ বিক্রেতাদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া, দাম পরিবর্তন-সংক্রান্ত চিঠি কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির মাধ্যমে ব্যবসায়ীদের পৌঁছে দেওয়া, অভিযান চলাকালে প্রশাসনের সঙ্গে এই সমিতির প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা, নমুনা ওষুধের বিকল্প কিছু ভেবে দেখার প্রস্তাব, অবৈধ পণ্যের বিজ্ঞাপন বন্ধ করা, অনুমোদনবিহীন দোকানকে আইনের আওতায় আনা ও সরকারি অনুমোদনহীন ওষুধ রোগীর ব্যবস্থাপত্রে না লেখার ব্যবস্থা করা।
অনুষ্ঠানে প্রায় ৩০০ সদস্য উপস্থিত ছিলেন। তাঁরা মুক্ত আলোচনায় ভেজাল ও নকল ওষুধ বিক্রি নিয়ে ওষুধ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে খোলামেলা আলোচনা করেন।