ভেজাল ও কম দেওয়ার অভিযোগে পেট্রল পাম্প সিলগালা
ভেজাল পেট্রল বিক্রি ও পরিমাপে কম দেওয়ার অভিযোগে নাটোরের আহমেদপুর মেসার্স কানন ফিলিং স্টেশন সিলগালা করা হয়েছে। গত শুক্রবার রাতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট এ বি এম রওশন কবির এ সিলগালা করেন। গতকাল বুধবার পর্যন্ত পাম্পটি বন্ধ ছিল।স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক মাস ধরে পাম্পটি ভেজাল পেট্রল বিক্রি করছে এবং মাপে কম দিয়ে আসছে। অনেক মোটরসাইকল-মালিক বিষয়টি জানলেও পুরোপুরি মুখ খোলেনি। শুক্রবার রাতে মোটরসাইকল-চালক ওয়ালীউল্লাহ পাম্পের ব্যবস্থাপক মো. আনছার আলীকে অভিযোগ করেন, তাঁর গাড়িতে ভেজাল তেলে দেওয়া হয়েছে। এ সময় অনেক মোটরসাইকেল-মালিক একই অভিযোগ নিয়ে সেখানে হাজির হন। জনগণকে সামাল দিতে পুলিশ প্রশাসনকে তৎক্ষণাৎ জানালে তারাও সেখানে উপস্থিত হয়।পাম্পের ব্যবস্থাপক বলেন, ‘আমাদের কাছেও মনে হয়, পেট্রলে ভেজাল আছে। আমরা চাকরি করি। অন্যের আর কী করার আছে আমাদের।’ফিলিং স্টেশনের মালিক ধীরেন শাহ বলেন, ‘আমাদের নিজেদেরও দু-চারখান গাড়ি আছে। আমরাও এ পেট্রল ব্যবহার করি। ইদানীং পেট্রলের সমস্যার ব্যাপারে ওপর মহলে জানিয়েছি। তবে পেট্রলের পরিমাপের ক্ষেত্রে এখানে কম দেওয়া হয় না।’এ বি এম রওশন কবির বলেন, ‘পেট্রল পরীক্ষার জন্য জেলায় কোনো ব্যবস্থা নেই। তবে এটি পরীক্ষার জন্য আমরা বিএসটিআই বরাবর পাঠাব। তত দিন পাম্পটি বন্ধ রাখা হবে।’