ভেজাল ও বিষমুক্ত খাবার নিশ্চিত করার দাবিতে চট্টগ্রামে মানববন্ধন
বিষ ও ভেজালমুক্ত খাবার নিশ্চিত করার দাবিতে গতকাল সোমবার দুপুরে চট্টগ্রাম নগরে শোভাযাত্রা ও মানববন্ধন করেছে গ্রিন অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ নামের একটি সংগঠন। মানববন্ধনে বক্তারা বলেন, সুস্থ জাতি গঠনের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করা জরুরি।
চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়। গ্রিন অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি মো. জুনাব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বক্তব্য দেন চট্টগ্রাম ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মাহফুজুল হক চৌধুরী, সংগঠনের সাধারণ সম্পাদক মো. রাশেদুর রহমান, চট্টগ্রাম সিটি করপোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, জামালখান ওয়ার্ডের কাউন্সিলর শৈবাল দাশ, চট্টগ্রাম প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক চৌধুরী ফরিদ, পরিবেশকর্মী নোমান উল্লাহ। মানববন্ধন শেষে একটি শোভাযাত্রা বের করা হয়। কর্মসূচিতে সংহতি জানায় বাংলাদেশের ভোক্তা অধিকার কমিশন, এখন সময়, কণিকা, লোহাগাড়া তরুণ ঐক্য ফোরামসহ বিভিন্ন সংগঠন।