ভেজাল ওষুধ, ব্যবসায়ীর কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের মধুখালী উপজেলার ঘোপঘাট এলাকা থেকে ভেজাল ওষুধসহ গোপাল আচার্য (৩৩) নামের এক ওষুধ ব্যবসায়ীকে গ্রেপ্তার করে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। গত শুক্রবার রাতে তাঁকে গ্রেপ্তার ও গতকাল শনিবার দুপুরে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এস এম মো. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে পরিচালিত একটি ভ্রাম্যমাণ আদালত এই দণ্ডাদেশ দেন। শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে ঘোপঘাট এলাকা থেকে বিপুল পরিমাণ ভেজাল ওষুধসহ গোপালকে গ্রেপ্তার করা হয়। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৮-এর একটি দল এই অভিযানে অংশ নেয়। র‌্যাবের ফরিদপুর ক্যাম্পের অধিনায়ক লে. কমান্ডার ওয়ালিউর রশিদ বলেন, হামদর্দ কোম্পানি অ্যালকোলিক সিরাপ (জ্বর নিবারক ও প্রতিবন্ধিকতা অপসারক) নামে যে ওষুধটি বাজারজাত করে আসছে, গৌতমের বাড়ি থেকে ওই ভেজাল ওষুধ উদ্ধার করা হয়েছে। অভিযানকালে মখুখালীস্থ গৌতম কুমার আচার্যের বসতবাড়ির তল্লাশি করে ২৫৫ বোতল ও ২০ লিটার তরল ভেজাল সিরাপ, ১৮০টি ওষুধের খালি প্যাকেট, ১০০টি নকল লেভেল, ৪১০টি বোতলের কর্ক, একটি মেয়াদের ও তৈরির তারিখ সংবলিত সিল, একটি স্ট্যাম্পপ্যাড এবং বোতলের কর্ক লাগানোর একটি মেশিন উদ্ধার করা হয়।