ভেজাল ওষুধ উৎপাদন প্রতিরোধ ও ওষুধের চোরাচালান বন্ধে সরকারের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন হাইকোর্ট। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে গতকাল মঙ্গলবার আদালত রুল দিয়েছেন।
একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ গতকাল এ রুল দেন। স্বাস্থ্যসচিব, ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
সম্প্রতি একাধিক জাতীয় দৈনিকে দেশে ভেজাল ওষুধ উৎপাদন এবং ওষুধের চোরাচালান নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। এসব প্রতিবেদন যুক্ত করে বেসরকারি সংস্থা সোশ্যাল অ্যান্ড এনভায়রনমেন্টাল চেঞ্জেস আদালতে রিট আবেদন করে। সংস্থাটির পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী এস এম জহুরুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।