ভেজাল ওষুধের কারখানার সন্ধান, শিল্পপতি কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার রূপসা উপজেলায় মাছ প্রক্রিয়াজাতকরণ কোম্পানির আড়ালে নকল ওষুধ তৈরি করার অভিযোগে শিল্পপতি কাজী শাহনেওয়াজকে (৬৮) কারাগারে পাঠানো হয়েছে। গতকাল মঙ্গলবার রূপসা থানা-পুলিশ তাঁকে আদালতে হাজির করলে বিচারক এ নির্দেশ দেন।
এর আগে সোমবার রাতে একই অভিযোগে শাহনেওয়াজসহ চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১২-১৩ জনের বিরুদ্ধে মামলা করে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব)-৬।
মামলাটি করেন র্যা ব-৬-এর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর নাজমুল হুদা। তিনি শাহনেওয়াজ গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক। তিনি বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ও খুলনা চেম্বার অব কমার্সের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি। মামলার অন্য আসামিরা হলেন ঢাকার ৭৩ শান্তিবাগ মসজিদ রোডের বাসিন্দা জাকির হোসেন (৪৮), খুলনার পূর্ব রূপসা এলাকার হাবিবুর রহমান শেখ (৪৫) ও সিরাজগঞ্জের মো. সজীব (৩৫)।
থানা-পুলিশ সূত্র জানায়, সোমবার খুলনার রূপসা উপজেলার জাবুসা চর রূপসা এলাকায় কাজী শাহনেওয়াজের মালিকানাধীন রপ্তানিযোগ্য হিমায়িত মাছ প্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠান ‘শাহনেওয়াজ সি ফুডস’-এ অভিযান চালিয়ে নকল ওষুধ তৈরির কারখানার সন্ধান পায় র্যা ব। সেখান থেকে কাজী শাহনেওয়াজ ও প্রতিষ্ঠানটির কর্মকর্তা শরীফ রহমানকে আটক করা হয়। এ ছাড়া সেখান থেকে এসিআই কোম্পানির নকল ৩ লাখ ৭৫ হাজারটি অ্যান্টিবায়োটিক ক্যাপসুল ও ১ বস্তা রেনিটিড ট্যাবলেটের পাশাপাশি চার বস্তা বিভিন্ন ব্র্যান্ডের নকল ওষুধ জব্দ করা হয়।
এ ছাড়া জব্দ করা হয় নকল ওষুধের কাঁচামাল, চালের গুঁড়া, কসমেটিক, কেমিক্যাল, পাউডারসহ জাল ওষুধ বানানোর কয়েক কোটি টাকার উপকরণ। এসব ওষুধ ঢাকায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালসহ বিভিন্ন ওষুধের দোকানে সরবরাহ করা হতো।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, সোমবার দিবাগত রাত ১২টার পর মামলা হয়েছে। সকালে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।