ভেজাল ওষুধের ব্যাপারে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ভেজাল ওষুধের ব্যাপারে ছাড় দেওয়া হবে না। ভেজাল ওষুধ যারা তৈরি করে তাদের শায়েস্তা করা হবে। এ জন্য ঔষধ প্রশাসন অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের ভেজালমুক্ত হতে হবে, দক্ষ হতে হবে।

গতকাল বৃহস্পতিবার ‘ঔষধ ভবন’ উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ নাসিম এ কথা বলেন। রাজধানীর মহাখালীতে নতুন এই ভবনে অনুষ্ঠানের আয়োজন করে ঔষধ প্রশাসন অধিদপ্তর।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভেজাল ওষুধ প্রস্তুতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। এ ক্ষেত্রে অনেক রাজনীতিক ও ব্যবসায়ীদের পক্ষ থেকে তদবির করা হয়। এ ব্যাপারে কোনো সমঝোতা করা হয় না। ওষুধ নিয়ে কোনো রাজনীতি হবে না। যারা এই শিল্পকে এগিয়ে নেবে দলমত-নির্বিশেষে সরকার তাদের সহযোগিতা করবে।

ওষুধশিল্পের অগ্রগতির প্রশংসা করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাধীনতার পরপর পাট দিয়ে সোভিয়েত ইউনিয়ন থেকে ওষুধ আনা হতো। এখন বাংলাদেশ ওষুধ রপ্তানি করছে। কিন্তু গুটিকয়েক অসাধু ব্যবসায়ীর কারণে গোটা শিল্পের বদনাম হয়। অনুষ্ঠানে উপস্থিত ওষুধশিল্পের নেতাদের উদ্দেশে তিনি বলেন, ‘যারা ওষুধে ভেজাল দিচ্ছে তারা অমানুষ। ব্যবসায়ী নেতারা যেন এদের পক্ষ না নেন।’

গত ৪০ বছর মতিঝিলের একটি ভবনে অধিদপ্তর কাজ করে এসেছে। ২০১৪ সালে মহাখালীতে বর্তমান ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্বাস্থ্যমন্ত্রী। গতকাল তিনিই ভবন উদ্বোধন করেন।

ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্যসচিব সৈয়দ মনজুরুল ইসলাম, বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির উপদেষ্টা সালমান এফ রহমান, আবদুল মুক্তাদির প্রমুখ বক্তব্য দেন।