ভেজাল কীটনাশক ছিটানোয় নষ্ট হয়ে যাচ্ছে সবজি
পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের বেশ কিছু খেতের সবজি নষ্ট হয়ে গেছে। কৃষকেরা অভিযোগ করেছেন, ভেজাল কীটনাশক ব্যবহার করায় তাঁদের সবজি নষ্ট হয়ে গেছে।ক্ষতিগ্রস্ত কৃষকেরা জানান, তাঁরা দেড় মাস আগে পাকশীর বাঘইল জোড়া সাকো এলাকার সার-কীটনাশক ব্যবসায়ী রঞ্জুর ‘পল্লবী এন্টারপ্রাইজ’ দোকান থেকে কীটনাশক কিনে এনে সবজির খেতে ছিটান। এর পর থেকে খেতে নানা সমস্যা দেখা দিতে থাকে। কৃষকেরা বলেন, তাঁরা এবার সবজি আবাদ করে ভালো ফলনের আশা করেছিলেন। কিন্তু ভেজাল কীটনাশক তাঁদের এবার নিঃস্ব করে দিয়েছে।পাকশী বাঘইল কলপাড়া গ্রামের কৃষক রিপন হোসেন বলেন, তিনি চার বিঘা জমিতে লাউ ও বেগুনের চাষ করেন। কীটনাশক ছিটানোর পর সবজি মরে গেছে। কৃষক মোস্তাফিজুর রহমান জানান, কীটনাশক ছিটানোর পর তাঁর দুই বিঘা জমির বেগুনগাছ মরে যাচ্ছে। পাশাপাশি গাছের বেগুন কুঁচকে যাচ্ছে।সার ও কীটনাশক ব্যবসায়ী রঞ্জু দাবি করেন, তাঁর বিক্রি করা কীটনাশকে কোনো ভেজাল ছিল না। কৃষকেরা মাত্রা অনুযায়ী কীটনাশক ছিটাতে পারেননি বলে সবজির গাছ নষ্ট হয়ে গেছে।পাকশী ইউনিয়নের দায়িত্বে থাকা উপসহকারী কৃষি কর্মকর্তা বলেন, তিনি অভিযোগ শুনে ক্ষতিগ্রস্ত সবজিখেত পরিদর্শন করেছেন। ভেজাল কীটনাশক ব্যবহারের ফলেই কৃষকদের লাউ ও বেগুনের গাছ মরে যাচ্ছে। এ ব্যাপারে কৃষি বিভাগ থেকে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে।