ভেজাল খাদ্য উৎপাদনসহ বিভিন্ন অভিযোগে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বিভিন্ন স্থানে খাদ্যে ভেজাল মেশানো এবং মুঠোফোনে অশ্লীল ভিডিও লোড করে দেওয়াসহ বিভিন্ন অভিযোগে একাধিক প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালত ও পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে এ জরিমানা করেন। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো সংবাদ:

পাবনা: অনুমোদন ছাড়া পণ্য উৎপাদন করায় বিএসটিআইয়ের রাজশাহী কার্যালয়ের কর্মকর্তারা জেলা প্রশাসনের সহযোগিতায় দুটি খাদ্যজাত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন। বিএসটিআইয়ের রাজশাহী কার্যালয়ের মাঠ কর্মকর্তা মো. আশিকুজ্জামান বলেন, অনুমোদন ছাড়াই পাবনা শহরের লক্ষ্মী মিষ্টান্ন ভাণ্ডার দই ও ঘি এবং জেলা সদরের সাধুপাড়া মহল্লার কাদের বিস্কুট অ্যান্ড ব্রেড কারখানা বনরুটি বাজারজাত করছিল। এক কারখানা থেকে ৫০ ও অপর কারখানা থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

সিরাজগঞ্জ: শাহজাদপুর থানার ওসি রেজাউল হক বলেন, উপজেলার বাঘাবাড়ি বন্দরে অভিযান চালিয়ে তিনটি কম্পিউটার কম্পোজের দোকানে মুঠোফোনে অশ্লীল ছবি ডাউনলোড করে দেওয়ার অপরাধে আবুল কাশেম, সাইফুল ইসলাম ও ইব্রাহিম হোসেন নামের তিনজনকে পাঁচ হাজার টাকা করে মোট ১৫ হাজার আদায় করা হয়। উপজেলার ভ্রাম্যমাণ আদালতের বিচারক শাহজাদপুরের ইউএনও শামীম আহমেদ এই রায় দেন।

রাজশাহী: নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন প্রধানের নেতৃত্বে বিএসটিআইয়ের রাজশাহী আঞ্চলিক কার্যালয় থেকে গতকাল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে নগরের বিসিক এলাকার মেসার্স তৃপ্তি বেকারিকে উৎপাদনে আগাম তারিখ ব্যবহার করায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া নিম্নমানের পাউরুটি, বিস্কুট ও কেক উৎপাদন ও বিক্রির দায়ে নগরের লক্ষ্মীপুরের মেসার্স নিউ বিশালকে ১০ হাজার ও সুপুরা এলাকার মেসার্স ফুড ভিউকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

শেরপুর (বগুড়া): শহরের বৈকাল বাজার সড়কে ফার্নিচার ব্যবসার আড়ালে ফেরদৌস জামান নামের এক মাদক ব্যবসায়ীকে পুলিশ গত বুধবার বিকেলে গ্রেপ্তার করেছে। মাদকদ্রব্য আইনে মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল তাঁকে বগুড়ার কারাগারে পাঠায়। শেরপুর থানার ওসি খান মো. এরফান তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

দুপচাঁচিয়া (বগুড়া): ভ্রাম্যমাণ আদালত এক বেকারি কারাখানার মালিক আজিজার রহমানকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন। গত বুধবার সন্ধ্যায় ইউএনও ও ভ্রাম্যমাণ আদালতের হাকিম শাহেদ পারভেজের নেতৃত্বে উপজেলা সদরের থানা বাসস্ট্যান্ডের ওই কারাখানায় অভিযান চালানো হয়। ইউএনও শাহেদ পারভেজ বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে বেকারির পণ্য তৈরির অভিযোগে আজিজার রহমানকে জরিমানা করা হয়েছে। কারখানার মালিক তাৎক্ষণিকভাবে জরিমানা পরিশোধ করেন।