ভেজাল খাবার খেয়ে পুরো দেশটাই রোগীর দেশ হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিত্যদিন ভেজাল খাবার খেয়ে পুরো দেশটাই রোগীর দেশে পরিণত হচ্ছে। ভোক্তা অধিকার প্রতিষ্ঠা, আইনের যথাযথ প্রয়োগ, কার্যকর সরকারি উদ্যোগ গ্রহণ ও জনসচেতনতা বাড়ানো গেলেই কেবল ভেজাল প্রতিরোধ করা সম্ভব। আর এ জন্য সামাজিক ও জাতীয় আন্দোলন গড়ে তুলতে হবে। গতকাল শুক্রবার সকালে লালমাটিয়ায় বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) আয়োজিত ‘ভেজাল খাদ্যে সয়লাব: প্রতিকারের উপায় কী?’ শীর্ষক এক সেমিনারে বক্তারা এ কথা বলেন।বাপা কার্যালয়ে আয়োজিত এ সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনটির নিরাপদ খাদ্য, পানীয় ও ভোক্তা অধিকার কর্মসূচির সদস্যসচিব জাহেদুর রহমান। জাহেদুর রহমান এতে বলেন, রাসায়নিকযুক্ত এবং অন্যান্য ভেজাল খাবার খেলে ক্যানসার, গ্যাস্ট্রিক, কলেরা, জন্ডিস, লিভার সিরোসিস, কিডনি সমস্যাসহ বিভিন্ন জটিল রোগ হতে পারে। এমনকি জন্মগতভাবে মানসিক ও শারীরিক প্রতিবন্ধী শিশুর জন্ম হতে পারে।বাংলাদেশ ব্রেস্ট ফিডিং ফাউন্ডেশনের চেয়ারম্যান পুষ্টিবিদ এস কে রায় বলেন, ভেজাল খাদ্যের কারণে শিশুসহ সবার আজ স্বাস্থ্য হুমকির মুখে।বিসিএসআইআরের জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা মঞ্জুর মোরশেদ আহমেদ বলেন, একেকটা খাদ্য বা পানীয়কে প্রাধান্য দিয়ে ভেজাল প্রতিরোধ করতে হবে। যথাযথ ভেজাল চিহ্নিতকরণ পদ্ধতি অনুসরণের তাগিদ দেন স্টেট ইউনিভার্সিটির খাদ্যপ্রযুক্তি ও প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক আনিস আলম।বাপার সাধারণ সম্পাদক আবদুল মতিন বলেন, ভেজাল প্রতিরোধে এখনই একটি জাতীয় আন্দোলন গড়ে তুলতে হবে।সভাপতি এ এস এম শাহজাহান বলেন, ভোক্তা অধিকার প্রতিষ্ঠা ও ভেজাল খাদ্য প্রতিরোধে আইনের প্রয়োগ এবং সেই সঙ্গে তদারকি প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়ানোর ওপর জোর দিতে হবে।সেমিনারে রাসায়নিকযুক্ত খাবার উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ, ভেজালবিরোধী অভিযান নিয়মিত ও জোরদার করা, বিভাগীয় ও জেলাপর্যায়ে উচ্চ মানের ল্যাবরেটরি স্থাপন, সরকারি অভিযোগকেন্দ্র স্থাপনসহ কয়েকটি সুপারিশ করা হয়।