ভেজাল খেয়ে খেয়ে তো মরেই যাচ্ছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ বলেছেন, স্বাস্থ্য খাতে কোনো বরাদ্দ দেওয়ার দরকার নেই। স্বাস্থ্য খাতে টাকা লাগবে না। ডাক্তার লাগবে না। ভেজাল খেয়ে খেয়ে তো আমরা মরেই যাচ্ছি। কোনো কিছুর দরকার নেই। স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য খাতের বরাদ্দ অন্য খাতে দিয়ে দিন।

আজ বুধবার জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় বিরোধীদলীয় নেতা এ কথা বলেন। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে চলা সংসদ অধিবেশনে এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন।

রওশন এরশাদ ভেজালবিরোধী অভিযানে সেনাবাহিনীকে ব্যবহার করার জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগ হলে সেনাবাহিনী উদ্ধার করতে যায়, পুনর্বাসন করে। প্রধানমন্ত্রী আপনি ভেজালবিরোধী অভিযানে সেনাবাহিনীকে ব্যবহার করেন। আপনি বঙ্গবন্ধু কন্যা, আপনি এটা করতে না পারলে আর কেউ করতে পারব না। দেশকে ভেজালমুক্ত করতে পারলে আপনি স্মরণীয় হয়ে থাকবেন।’

ভেজাল রোধে ম্যাজিস্ট্রেট ১০ হাজার থেকে ১৫ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দিচ্ছেন, এটা পর্যাপ্ত নয়—উল্লেখ করে বিরোধীদলীয় নেতা বলেন, ছুরি মেরে মানুষ মারা আর ভেজাল খাইয়ে মানুষ মারা একই কথা।

রওশন এরশাদের আগে সংসদে বক্তব্য দেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ। তিনি বিড়িশিল্পের শ্রমিকদের পুনর্বাসনের দাবি জানান। তবে রওশন তাঁর বক্তব্যে বলেন, বিড়ির কারখানায় ছোট ছোট শিশু ও নারীরা কাজ করছে। দেশে বিড়ি বানানো বন্ধ করতে হবে। প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীকে এদিকে নজর দেওয়ার আহ্বান জানান তিনি। এরশাদ তাঁর বক্তব্যে মেডিটেশনকে করের আওতার বাইরে রাখার যে আহ্বান জানান, তা সমর্থন করেন রওশন। তিনি বলেন, মানসিক প্রশান্তির জন্য মানুষ অনেক জায়গায় যায়। ভারতের যোগব্যায়ামে দেশটির প্রধানমন্ত্রীও অংশ নিচ্ছেন। এটাকে করের মধ্যে না ধরে সেবা খাতের অন্তর্ভুক্ত করার দাবি জানান তিনি।

রওশন এরশাদ সারা রাত মোবাইল ফোন ব্যবহার করার প্রবণতাকে ‘বিপদ’ বলে উল্লেখ করেন। তিনি বলেন, ছেলে-মেয়েরা রাত জেগে মোবাইল দেখে, ভাইবার দেখে। ঘুম থেকে ওঠে দুপুর ১২টায়। এ অবস্থা চলতে থাকলে যত চেষ্টাই করা হোক, শিক্ষার মান বাড়ানো সম্ভব হবে না। সৌদি আরব ও চীনে সারা রাত মোবাইল ফোনের ব্যবহার বন্ধ আছে। সরকারেরও উচিত রাত ১০ থেকে ১১টার পর মোবাইল ফোনের ব্যবহার বন্ধ করে দেওয়া।

বিরোধীদলীয় নেতা পাহাড় ধস কেন হচ্ছে, তার যথাযথ তদন্ত দাবি করেন। কারা পাহাড় কাটছে, গাছ কাটছে, তাদের চিহ্নিত করার দাবি জানান তিনি।

বাজেট প্রসঙ্গে রওশন এরশাদ বলেন, বাজেট হলো সরকারের আয়-ব্যয়ের গুরুত্বপূর্ণ দলিল। এবার দরিদ্রবান্ধব ও বাস্তববাদী বাজেট পাওয়া যাবে বলে তিনি আশা প্রকাশ করেন। ২০১৭-১৮ অর্থ বছরের বাজেটকে সর্বকালের সর্ববৃহৎ বাজেট উল্লেখ করে তিনি বলেন, অর্থমন্ত্রী এ বাজেট দিয়ে অনেক স্বপ্ন দেখাচ্ছেন। তিনি ভ্যাটের বিষয়টি আবার চিন্তা করার জন্য অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। এক লাখ টাকা থাকলেই যে বিত্তবান, অর্থমন্ত্রীর কথাটা সঠিক নয় বলেও মন্তব্য তাঁর।

রওশন এরশাদ বলেন, দেশের জনসংখ্যা ১৭ কোটি। তাই বাজেটের আকার বড় হবেই। অর্থমন্ত্রী যেভাবে আন্তরিকতার সঙ্গে সংসদে বারবার বাজেট উপস্থাপন করছেন তার জন্য তিনি অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, বাজেট নিয়ে এবারই প্রথম সংসদে প্রাণবন্ত আলোচনা হয়েছে। আলোচনা হতেই পারে, প্রধানমন্ত্রী আছেন, তিনি জনগণের কথা বিবেচনা তো করবেনই। বিনিয়োগের ক্ষেত্রে দেশে কাঠামোগত উন্নয়ন হয়নি বলেও উল্লেখ করেন তিনি। দেশে শিল্পকারখানা বাড়ানোর দিকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘চাকরি কয়জন করবে? কর্মসংস্থান না হলে ছেলেমেয়েরা মাদক খাবে, না হয় জঙ্গি হবে।’