ভেজাল গুঁড়া মসলাসহ আটক, জেল-জরিমানা
ভেজাল মসলা বাজারজাত করার দায়ে ভ্রাম্যমাণ আদালত লালু হাওলাদার (২৭) নামের একজনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজাহারুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত গত শনিবার গভীর রাতে বাগেরহাট বাজারের সুপারিপট্টি এলাকায় অভিযান চালান। এ সময় ঝন্টু কুণ্ডুর মালিকানাধীন ফ্রেন্ডস মিলের সামনে নসিমনে (অগভীর নলকূপের যন্ত্রচালিত বিশেষ যান) বোঝাই ভেজাল হলুদ ও শুকনা মরিচের ৫০০ কেজি গুঁড়াসহ লালুকে হাতেনাতে আটক করা হয়।পরে ওই মিলটিতে তল্লাশি চালিয়ে একই ধরনের আরও পাঁচ বস্তা ভেজাল হলুদ ও মরিচের গুঁড়া এবং ভেজালকাজে ব্যবহূত খাবার অনুপোযোগী কিছু রাসায়নিক রং উদ্ধার করা হয়। রাতেই মিলটি সিলগালা করে দেওয়া হয়। মিলের মালিক ঝন্টু কুণ্ডু পালিয়ে গেছেন।জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমান আলী জানান, গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) শেখ মো. আশরাফ আলী বাদী হয়ে ঝন্টু কুণ্ডুর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে বাগেরহাট সদর মডেল থানায় মামলা করেছেন।আটক লালু পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার আরজি নলবুনিয়া গ্রামের শাজাহান হাওলাদারের ছেলে। তিনি ওই মিল থেকে এসব ভেজাল গুঁড়া মসলা প্রস্তুত করিয়ে পিরোজপুর জেলায় বাজারজাত করতে নিয়ে যাচ্ছিলেন। তাঁকে রোববার দুপুরে কারাগারে পাঠানো হয়েছে।ম্যাজিস্ট্রেট মো. আজাহারুল ইসলাম জানান, একটি সংঘবদ্ধ চক্র বেশ কিছুদিন ধরে বাগেরহাট বাজারসহ সংলগ্ন এলাকার কয়েকটি মসলা গুঁড়া করার মিলে পালিশ কুড়া, চালের গুঁড়া এবং খাবার অনুপোযোগী রাসায়নিক রং মিশিয়ে ভেজাল মসলা তৈরি করে আসছে বলে বিভিন্ন সময়ে তাঁদের কাছে তথ্য আসে। এর ভিত্তিতে শনিবার গভীর রাতে তিনি বাজারের সুপারিপট্টি এলাকায় ফ্রেন্ডস মিলে অভিযান চালিয়ে এসব ভেজাল মসলা উদ্ধার করেন।লালু হাওলাদারকে বিশুদ্ধ খাদ্য আইনের ৪৪(৬) (১) ধারায় দণ্ডাদেশ দেওয়া হয়। পলাতক মিল-মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে। আটক লালু ভেজাল মসলা তৈরির কথা স্বীকার করে বলেছেন, ঈদকে সামনে রেখে এসব মসলা বাজারজাত করা হচ্ছিল।