ভেজাল গুড়ের ২৫ কারখানায় অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর চারঘাটে চিটাগুড়, চিনি, আটা ও রং মিশিয়ে তৈরি হচ্ছে ভেজাল গুড়। রমজান মাসের বাড়তি গুড়ের বাজার ধরতে রাতদিন চলছে এই সব কারখানা। গতকাল মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালত আরও ২৫টি কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল গুড় ও গুড় তৈরির উপকরণ ধ্বংস করেছেন। এর আগে গত ২৬ জুন ও ২ জুলাই ২৭টি কারখানায় অভিযান চালানো হয়।
রাজশাহীর নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম সামিরুল ইসলাম ও জাকিউল ইসলাম অভিযানে নেতৃত্ব দেন। সঙ্গে ছিলেন বিএসটিআইয়ের কর্মকর্তা আশিকুর রহমান ও আমিনুল ইসলাম।
আদালত সকাল ছয়টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত এই অভিযান চালান। এ সময় পরানপুর, মেরামতপুর ও পিরোজপুর গ্রামে ভেজাল গুড় তৈরির বিষয়টি আদালত হাতেনাতে ধরে ফেলেন এবং মানবদেহের জন্য ক্ষতিকর রং, সোডিয়াম হাইড্রো সালফেট ও নয় ড্রাম চিটাগুড় ধ্বংস করেন। এ ছাড়া, ১৩ বস্তা চিনি বাজেয়াপ্ত করে সেখানেই তা নিলামে বিক্রি করে দেওয়া হয়। তৈরি করা ভেজাল গুড় ও চিটাগুড় নালায় ফেলে দেওয়া হয়।
ম্যাজিস্ট্রেট জাকিরুল ইসলাম বলেন, অভিযান চালানোর খবর পেয়ে তিন গ্রাম পুরুষশূন্য হয়ে পড়ে। এ জন্য কাউকে পাওয়া যায়নি।