ভেজাল গুড়ের শতাধিক কারখানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের লালপুর উপজেলায় ভেজাল গুড় তৈরির শতাধিক কারখানা গড়ে উঠেছে। এসব কারখানায় মানুষের শরীরের জন্য ক্ষতিকর রাসায়নিক উপাদান দিয়ে গুড় তৈরি করা হচ্ছে। একশ্রেণীর ব্যবসায়ী ওই সব কারখানা থেকে এসব গুড় কিনে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করছেন। গত ৩০ মে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত ভেজাল গুড় তৈরির কয়েকটি কারখানার সন্ধান পাওয়া যায়। এ ধরনের গুড় খেলে মানুষ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হতে পারে বলে চিকিৎসকেরা দাবি করেছেন।জানা গেছে, উপজেলার লালপুর, আব্দুলপুর, সালামপুর, দুড়দুড়িয়া, রহিমপুর, বিলমাড়িয়া, পাইকপাড়া, মুরদহ, কচুয়া, নাওদাঁড়া, ওয়ালিয়া, চকনাজিরপুর, কদমচিলান, বাওড়া, ইসলামপুর, গৌরীপুর, মোমিনপুর, মোহরকয়া, পুরাতন ঈশ্বরদীসহ উপজেলার বিভিন্ন এলাকায় শতাধিক ভেজাল গুড় তৈরির কারখানা গড়ে উঠেছে। এসব কারখানা থেকে প্রতিদিন কয়েক হাজার মণ আখের গুড় দেশের বিভিন্ন স্থানে পাঠানো হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কৃষক ও ব্যবসায়ী জানান, গুড়ের চেয়ে চিনির দাম কম হওয়ায় কারখানা-মালিকেরা গুড়ে চিনি মিশিয়ে থাকেন। তবে কিছু অসাধু ব্যবসায়ী এ সুযোগে গুড়ে চিটা গুড়, ভুট্টার আটাসহ বিভিন্ন ভেজাল মিশিয়ে ওজন বাড়িয়ে অধিক লাভ করতে চান। গুড়কে আকর্ষণীয় করতে তাঁরা এতে বিষাক্ত রাসায়নিক হাইড্রোজ, ফিটকারি ও রং ব্যবহার করেন। পাইকপাড়া গ্রামের মুকুল, মোহরকয়া গ্রামের বাবুল ও বকুল, রহিমপুর গ্রামের ইয়ার উদ্দিন তাঁদের কারখানায় ভেজাল গুড় তৈরি করে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে তাঁরা দাবি করেছেন, গুড়ে ভেজাল হিসেবে চিনি, হাইড্রোজ, চিটা বা আটা মেশানো হয় না। ঝোলা গুড় রেখে দিলে একটা পুরোনো গন্ধ হয়। শুধু গুড় জ্বাল দিয়ে পাটালি তৈরি করলে ভালো রং আসে না। রং ভালো না এলে লোকজন গুড় কিনতে চায় না। এ কারণে জ্বাল দেওয়ার সময় কিছু চিটা গুড়, চিনি, ময়দার মিশ্রণ দিলে গুড়ের রং আকর্ষণীয় হয়। নর্থ বেঙ্গল চিনিকল সূত্রে জানা গেছে, চিনিকল এলাকায় গত বছর এক হাজার ৪৮টি অবৈধ পাওয়ারক্রাশার (বৈদ্যুতিক আখ মাড়াই যন্ত্র) দিয়ে প্রতিদিন প্রায় তিন টন আখ মাড়াই করে গুড় তৈরি করা হয়েছে। অধিক লাভের আশায় কারখানার মালিকেরা এসব গুড় মজুদ রেখেছেন। পরে এসব গুড়ে ভেজাল মিশিয়ে তা দেশের বিভিন্ন এলাকায় পাঠানো হচ্ছে।নর্থ বেঙ্গল চিনিকলের উপমহাব্যবস্থাপক (উৎপাদন) মো. হামিদুল ইসলাম জানান, চিটা গুড় গোখাদ্য ও স্পিরিটের কারখানায় কাঁচামাল হিসেবে ব্যবহূত হয়। এতে ক্ষার, নাইট্রিক এসিড ও ফিটকিরি থাকে, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. সাদেকুল ইসলাম বলেন, ‘ভুট্টার আটা, চিনি, হাইড্রোজ ও চিটা গুড় মিশিয়ে তৈরি গুড় স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। বিষাক্ত এ গুড় পেটে গেলে কিডনি নষ্ট হতে পারে। পাকস্থলীর হজম-প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়ে গ্যাস্ট্রিক-আলসার হওয়ার সম্ভাবনা থাকে।’উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জহিরুল ইসলাম জানান, অভিযান চালিয়ে ভেজাল গুড় জব্দ, ধ্বংস এবং দোষীদের জেল ও জরিমানা করা হয়েছে। অভিযান চলবে।লালপুর গুড় ব্যবসায়ী সমিতির সভাপতি আশরাফুজ্জামান পান্না বলেন, ‘লালপুরের বাজারে কোনো ভেজাল গুড় কেনা হয় না। ইতিপূর্বে কয়েকজন ভেজাল গুড় আড়তে নিয়ে আসায় তাঁদের জরিমানাও করা হয়েছে এবং ওই গুড় আমরা নিজেরাই ধ্বংস করে ফেলেছি।’