ভেজাল জুসের তিন কারখানা
ঠাকুরগাঁও শহরের বিভিন্ন এলাকায় ভেজাল জুস তৈরির তিনটি কারখানার সন্ধান পাওয়া গেছে। গত শুক্রবার পুলিশ এসব কারখানার সন্ধান পায়। এ সময় বিপুুল পরিমাণ জুস ও জুস তৈরির সরঞ্জামসহ একজনকে আটক করা হয়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর ১২টায় ঠাকুরগাঁও জেলা ডিবি (গোয়েন্দা শাখা) পুলিশের একটি দল শহরের শাহপাড়ার আমির হোসেনের বাড়িতে ভেজাল জুস তৈরির কারখানার সন্ধান পায়। এ সময় পুলিশ জুস তৈরির উপকরণ স্যাকারিন, রং, ম্যাংগো ফ্লেবার, প্যাকেজিং মেশিন, ক্ষতিকর রাসায়নিক পদার্থ, পলিথিন ও তিন বস্তা জুসের প্যাকেটসহ কারখানার মালিক আমির হোসেনকে আটক করে। আমির হোসেনের স্বীকারোক্তি অনুযায়ী দুপুরে শহরের কলেজপাড়ার তহিদুল ইসলাম ও ছিট চিলারংয়ের আবদুর রউফের বাড়িতে ভেজাল জুস তৈরির কারখানার সন্ধান পায় পুলিশ। এ সময় পুলিশ দুই কারখানা থেকে বিপুল পরিমাণ নকল জুস ও খাদ্যসামগ্রী তৈরির বিভিন্ন সরঞ্জাম আটক করে।শুক্রবারই ভেজাল জুস তৈরির কারখানার মালিক আমির হোসেনের বিরুদ্ধে জেলা খাদ্য বিভাগ বিশেষ আইনে সদর থানায় মামলা করেছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল শনিবার তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। সহকারী পুলিশ সুপার শফিকুল ইসলাম বলেন, ভেজাল জুস তৈরির কারখানা গ্রামগঞ্জে ছড়িয়ে পড়েছে। ভেজাল খাদ্য সামগ্রী তৈরির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত থাকবে।