ভেজাল তেল উৎপাদন করায় জরিমানা, একটি কারখানা সিলগালা
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার গয়হাট্টা বাজারে গতকাল শনিবার ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ভেজাল তেল তৈরির অভিযোগে দুটি কারখানাকে দুই লাখ টাকা জরিমানা করেছেন। এ সময় আরেকটি কারখানা সিলগালা এবং প্রায় পাঁচ হাজার লিটার ভেজাল সরিষার তেল ধ্বংস করা হয়।
সিরাজগঞ্জ র্যাব-১২ কোম্পানির অধিনায়ক সহকারী পুলিশ সুপার (এএসপি) হাসিবুল আলম বলেন, গয়হাট্টা বাজারে গতকাল দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম আলমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত আবদুল গণি, মোকছেদ আলী ও কামাল হোসেনের সরিষার তেল উৎপাদনকারী তিনটি কারখানায় অভিযান চালান। এ সময় স্প্যান্ডেল ওয়েল মিশিয়ে সরিষার তেল হিসেবে বিক্রি করার অভিযোগে মোকছেদ আলী ও আবদুল গণির কারখানা থেকে ৩৬ ড্রাম (প্রায় পাঁচ হাজার লিটার) ভেজাল তেল জব্দ করা হয়।
এ ছাড়া ওই কারখানা দুটির মালিকের কাছ থেকে এক লাখ করে মোট দুই লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
অপর কারখানার মালিক কামাল হোসেন অনুপস্থিত থাকায় সেটি সিলগালা করে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পরে জব্দ করা ভেজাল তেল বাজারের পাশে একটি গর্তে ফেলে দেওয়া হয়।
অভিযানের সময় র্যাব ও পুলিশ সদস্যদের সঙ্গে উপজেলা স্বাস্থ্য বিভাগের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।