ভেজাল তেলের ছয় কারখানা সিলগালা, পাঁচজনকে কারাদণ্ড
চট্টগ্রাম নগরের বায়েজিদ এলাকায় অভিযান চালিয়ে বিএসটিআইয়ের অনুমোদনহীন ছয়টি সয়াবিন তেলের কারখানা সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত। কারখানাগুলো থেকে ২৫ হাজার লিটার তেল জব্দ করে পাঁচ মালিককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। কারখানাগুলোও সিলগালা করে দেওয়া হয়েছে।
গতকাল সোমবার এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তামিম আল ইয়ামিন। এ সময় র্যাব ও বিএসটিআইয়ের কর্মকর্তারাও ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, বায়েজিদের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ছয়টি ভেজাল সয়াবিন তেলের কারখানার খোঁজ পাওয়া যায়। ভেজাল তেল উৎপাদনের দায়ে শিহাবউদ্দিন নামের একজনকে নয় মাস কারাদণ্ড ও দেড় লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া মো. আলতাফ, আরিফ, মাইনুদ্দিন, সালাউদ্দিন নামের চারজনকে ছয় মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।