ভেজাল দুধ তৈরি করায় বেড়ায় বাবা-ছেলের জরিমানা
পাবনার সাঁথিয়া উপজেলায় আবারও ভেজাল দুধ তৈরির কারখানার সন্ধান পাওয়া গেছে। ভেজাল দুধ তৈরির অপরাধে ভ্রাম্যমাণ আদালত গতকাল শুক্রবার উপজেলার রঘুরামপুর গ্রামে বাবা-ছেলেকে তিন লাখ টাকা জরিমানা করেছেন।
ভ্রাম্যমাণ আদালত-সংশ্লিষ্ট কর্মকর্তা সূত্রে জানা যায়, উপজেলার রঘুরামপুর গ্রামের বাচ্চু প্রামাণিক এলাকায় খামারি ও দুধ ব্যবসায়ী বলে পরিচিত। বেশ কিছুদিন ধরে তিনি ও তাঁর ছেলে সুজন প্রামাণিক ভেজাল দুধ তৈরি করে আসছিলেন। এ জন্য তাঁরা বাড়িতে একটি ভেজাল দুধ তৈরির কারখানা স্থাপন করেন। উৎপাদিত ভেজাল দুধ ভালো দুধের সঙ্গে মিশিয়ে একটি দুধ প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠানে সরবরাহ করা হতো। খবর পেয়ে র্যা বের সহযোগিতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত গঠন করে গতকাল সকাল ১০টার দিকে সেখানে অভিযান চালান। এ সময় আদালতের কর্মকর্তারা ভেজাল দুধ তৈরি করতে দেখে হাতেনাতে বাবা-ছেলেকে আটক করেন। এতে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ইউএনও তাঁদের দুজনকে তিন লাখ টাকা জরিমানা করেন। এ সময় ঘটনাস্থল থেকে চার ক্যান (প্রতি ক্যানে ৪০ লিটার) ভেজাল দুধ, এক ক্যান নকল ননি, দেড় বস্তা গ্লুকোজ, একটি ব্লেন্ডার মেশিনসহ ভেজাল দুধ তৈরির অন্যান্য উপাদান উদ্ধার করে নষ্ট করা হয়।
আদালতের কর্মকর্তা সূত্র আরও জানায়, ভেজাল দুধ তৈরি করতে প্রথমে ভালো দুধ থেকে ননি তুলে নেওয়া হয়। অন্যদিকে পাম তেলের সঙ্গে সমপরিমাণ দুধ মিশিয়ে ব্লেন্ডার মেশিনে ব্লেন্ড করে তৈরি করা হতো নকল ননি। এরপর ননিবিহীন দুধে নকল ননি ও গ্লুকোজ মিশিয়ে তৈরি করা হতো ভেজাল দুধ।
অভিযানকালে ইউএনওর সঙ্গে পাবনার র্যা ব-১২-এর উপসহকারী পরিচালক (ডিএডি) এনামুল হক ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. জামাল উদ্দিন উপস্থিত ছিলেন।
ইউএনও শফিকুল ইসলাম বলেন, ভেজাল দুধ ভালো দুধের সঙ্গে মিশিয়ে একটি দুধ প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠানে সরবরাহ করা হতো বলে সাজাপ্রাপ্ত ব্যক্তিরা জানিয়েছেন। ভবিষ্যতে শুধু ভেজাল দুধ তৈরিকারকদের বিরুদ্ধেই নয়, প্রয়োজনে দুধ সংগ্রহকারী প্রতিষ্ঠানেও অভিযান চালানো হবে।