ভেজাল দুধ তৈরি করায় জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার সাঁথিয়া উপজেলায় ভেজাল দুধ তৈরির অপরাধে ভ্রাম্যমাণ আদালত দুলাল সরদার (৫০) নামের এক ব্যক্তিকে দুই লাখ টাকা জরিমানা করেছেন। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার পার-করমজা গ্রামে এ ঘটনা ঘটেছে।
আদালত–সংশ্লিষ্ট কর্মকর্তা সূত্র জানায়, উপজেলার পার-করমজা গ্রামের দুধ ব্যবসায়ী দুলাল সরদার দীর্ঘদিন ধরে ভেজাল দুধ তৈরি করে আসছিলেন। এ জন্য তিনি বাড়িতে একটি কারখানা স্থাপন করেন। সেখানে আসল দুধ থেকে প্রথমে ননি তুলে নেওয়া হতো। এরপর ননিবিহীন দুধে নকল ননি মিশিয়ে ভেজাল দুধ তৈরি করা হতো। নকল ননি তৈরির জন্য পাম তেলের সঙ্গে সমপরিমাণ ভালো দুধ মিশিয়ে ব্লেন্ডার মেশিনে ব্লেন্ড করা হতো। উৎপাদিত ভেজাল দুধ ভালো দুধের সঙ্গে মিশিয়ে একটি বেসরকারি দুগ্ধ প্রক্রিয়াকরণ প্রতিষ্ঠানে সরবরাহ করা হতো।
গোপন সূত্রে খবর পেয়ে র্যা বের সহযোগিতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত গঠন করে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে কারখানাটিতে অভিযান চালান। আদালত সেখানে হাতেনাতে ভেজাল দুধ তৈরি করতে দেখে কারখানার মালিক দুলাল সরদারকে দুই লাখ টাকা জরিমানা করেন। এ সময় সেখান থেকে ভেজাল দুধসহ দুধ তৈরির কাজে ব্যবহৃত পাম তেল, ব্লেন্ডার মেশিন, গ্লুকোজ ও খাবার সোডা উদ্ধার করে নষ্ট করা হয়। অভিযানকালে ইউএনওর সঙ্গে পাবনা র্যা ব-১২–এর উপপরিচালক শেখ মনিরুজ্জামান এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. জামালউদ্দিন উপস্থিত ছিলেন।
আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও শফিকুল ইসলাম বলেন, ‘তৈরি করা ভেজাল দুধ ভালো দুধের সঙ্গে মিশিয়ে একটি বেসরকারি দুগ্ধ প্রক্রিয়াকরণ কেন্দ্রে সরবরাহ করা হতো বলে আমরা জেনেছি। ভেজাল দুধ তৈরির বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।’