ভেজাল দুধের কারবারিরা ফের সক্রিয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রধান দুগ্ধ উৎপাদনকারী এলাকা পাবনা-সিরাজগঞ্জে ফের ভেজাল দুধ তৈরি হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।রমজান মাস উপলক্ষে দুধের চাহিদা বেড়ে যাওয়ায় একশ্রেণীর দুধ ব্যবসায়ী (ঘোষ) এ অপকর্মটি শুরু করেছেন। উৎপাদিত ভেজাল দুধ ভালো দুধের সঙ্গে মিশিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় পাঠানো হচ্ছে।অনুসন্ধানে জানা গেছে, ছানার পানি অথবা সাদা পানির সঙ্গে ননি (ক্রিম), ব্লেন্ড করা পামওয়েল, গুঁড়ো দুধ, চিনি, লবণ, আটা, খাবার সোডা (সোডিয়াম কার্বনেট), দুধের কৃত্রিম সুগন্ধি (অ্যাসেন্স) প্রভৃতি মিশিয়ে তৈরি করা হয় ভেজাল দুধ। এই দুধ ভালো রাখতে মেশানো হয় পার-অক্সাইড ও ফরমালিন।২০০৮ সালের ৩১ অক্টোবর পাবনা-সিরাজগঞ্জ অঞ্চলে ভেজাল দুধ তৈরির ওপর প্রথম আলোয় একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর বেড়া, সাঁথিয়া, শাহাজাদপুরসহ কয়েকটি উপজেলায় প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক অভিযান চালিয়ে ভেজাল দুধ ও দুধ তৈরির নানা উপকরণসহ বেশ কয়েকজনকে আটক করা হয়েছিল। ওই সময়ের অভিযানে ভেজাল দুধ তৈরি অনেকটাই বন্ধ হয়ে গিয়েছিল।গত কয়েক মাসে প্রশাসনের পক্ষ থেকে শুধু শাহাজাদপুর উপজেলায় ভেজালকারীদের বিরুদ্ধে কিছু অভিযান চালানো হলেও দীর্ঘদিন ধরে বেড়া, সাঁথিয়াসহ অন্যান্য উপজেলায় এ ব্যাপারে কোনো নজরদারি নেই।গত ২৪ জুলাই শাহজাদপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চরাচিথুলিয়া গ্রামের উজ্জ্বল ও সেলন্দা গ্রামের বাবুকে ১৫ মণ ভেজাল দুধসহ আটক করে প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। ২৮ জুলাই একই উপজেলার ঘোষপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত বীরেন্দ্রনাথ ঘোষের বাড়িতে ভেজাল দুধ তৈরির কারখানার সন্ধান পান। এ ছাড়া কয়েক মাসে শাহাজাদপুর উপজেলার আরও কয়েকটি স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভেজাল দুধসহ কয়েকজন ভেজালকারী আটক হয়েছেন। অনুসন্ধানে জানা যায়, রমজান উপলক্ষে দুধের চাহিদা ব্যাপক বেড়ে গেছে। এর ওপর প্রশাসনের নজরদারি কমে যাওয়ায় একশ্রেণীর দুধ ব্যবসায়ী ও ঘোষ আবারও ভেজাল দুধ তৈরি শুরু করেছেন। অভিযোগ রয়েছে, তৈরি করা ভেজাল দুধের বেশির ভাগই যাচ্ছে কয়েকটি দুগ্ধ প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠানের দুধ সংগ্রহকেন্দ্রে। এসব সংগ্রহকেন্দ্রের ব্যবস্থাপক অথবা তত্ত্বাবধায়ক জেনে-বুঝেই এই দুধ নিচ্ছেন। সংগৃহীত ভেজাল দুধ ভালো দুধের সঙ্গে মিশিয়ে পাঠানো হচ্ছে সংগ্রহকারী প্রতিষ্ঠানগুলোর প্রধান কেন্দ্রে।বেড়া উপজেলা স্বাস্থ্য কার্যালয়ের স্বাস্থ্য পরিদর্শক আবদুস সালাম বলেন, ‘উপজেলার কয়েকটি স্থানে গোপনে ভেজাল দুধ তৈরি হচ্ছে বলে লোকমুখে খবর পেয়েছি। সরেজমিনে বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় পদক্ষেপ নেব।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইএনও) মোহামঞ্চদ নাহিদ ইসলাম জানান, বিষয়টি সম্পর্কে খোঁজখবর নিয়ে শিগগিরই অভিযান চালানো হবে।