ভেজাল পচা খাদ্য বিক্রি ও মজুত, চেইন শপ, রেস্তোরাঁকে জরিমানা
রাজধানীর নামী চেইন শপ আগোরা, মীনা বাজার। তেমনি বিখ্যাত খাবারের দোকান নান্দুস, বার-বি-কিউ টু-নাইট। এসব প্রতিষ্ঠানকে পচা, ভেজাল, বিষাক্ত খাদ্য মজুত ও বিক্রি করার দায়ে গতকাল শনিবার জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের নেতৃত্বে গতকাল শনিবার রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরের আগোরা শাখায় পরিচালিত অভিযানে আগোরা কর্তৃপক্ষকে পচা এবং মেয়াদ উত্তীর্ণ খাদ্য মজুত ও বিক্রি করার দায়ে তিন লাখ টাকা জরিমানা করা হয়। একই অভিযোগে মীনা বাজারকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট খান মো. নাজমুস শোয়েব বলেন, এসব চেইন শপে পচা চিংড়ি, সামুদ্রিক মাছ ও মেয়াদ উত্তীর্ণ খাবার বিক্রি করা হচ্ছিল। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে রেস্তোরাঁ বার-বি-কিউ টু-নাইটকেও দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া অর্থদণ্ড দেওয়া হয়েছে নান্দুস এবং পুরান ঢাকার তিনটি খাবার হোটেলকেও।
নগরবাসীর জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এখন থেকে নিয়মিত এই অভিযান চালানো হবে বলে জানিয়েছেন মেয়র। তিনি বলেন, ‘আমরা নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর আওতায় অভিযান পরিচালনা শুরু করছি। এই অভিযান চলবে।’