ভেজাল প্যারাসিটামল সিরাপ পানে ২৮ শিশুর মৃত্যু
রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণে ব্যর্থ, সব আসামি খালাস
ভেজাল প্যারাসিটামল সিরাপ পানে শিশু মৃত্যুর ঘটনায় করা মামলায় রিড ফার্মাসিউটিক্যালসের মালিকসহ পাঁচজনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। রায়ে বলা হয়েছে, রাষ্ট্রপক্ষ আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ করতে পারেনি। তদন্তে গাফিলতি ছিল। তাই আসামিদের খালাস দেওয়া হলো।
আজ সোমবার ঢাকার ড্রাগ আদালতের বিচারক এম আতোয়ার রহমান এ রায় ঘোষণা করেন।
খালাস পাওয়া পাঁচ আসামি হলেন রিড ফার্মার মালিক মিজানুর রহমান, তাঁর স্ত্রী পরিচালক শিউলি রহমান, পরিচালক আবদুল গণি, ফার্মাসিস্ট মাহবুবুল ইসলাম ও এনামুল হক। পাঁচজনের মধ্যে তিনজন পলাতক রয়েছেন। আদালতে উপস্থিত ছিলেন মিজানুর ও শিউলি।
ভেজাল প্যারাসিটামল সিরাপ তৈরির অভিযোগ এনে ২০০৯ সালের ১০ আগস্ট ওষুধ প্রশাসন অধিদপ্তরের তত্ত্বাবধায়ক শফিকুল ইসলাম বাদী হয়ে আদালতে মামলা করেন। মামলায় বলা হয়, রিড ফার্মার তৈরি করা প্যারাসিটামলে বিষাক্ত উপাদান রয়েছে। এই প্যারাসিটামল সিরাপ পান করে সারা দেশে ২৮ শিশু মারা গেছে।
আসামি খালাসের ব্যাপারে জানতে চাইলে ড্রাগ আদালতের সরকারি কৌঁসুলি নাদিম মিয়া প্রথম আলোকে বলেন, আদালত রায়ে বলেছেন, এ মামলার আলামত আইনসম্মতভাবে জব্দ করা হয়নি। মামলার বাদী ওষুধ প্রশাসন অধিদপ্তরের তত্ত্বাবধায়ক শফিকুল ইসলামের নাম উল্লেখ করে আদালত রায়ে বলেছেন, বাদীর অদক্ষতা ও অযোগ্যতা রয়েছে। তিনি আলামত যথাযথভাবে জব্দ করেননি। জব্দ করার স্থানটাও সঠিক নয়।
সরকারি এই কৌঁসুলি আরও বলেন, ‘মামলার আলামত জব্দ করা হয়েছে ঢাকার শিশু হাসপাতাল থেকে। হাসপাতাল থেকে জব্দ করা হয়েছে যে ওষুধ, তা রিড ফার্মার বলে প্রমাণিত হয়নি। আমরা যেটুকু বুঝেছি, মামলার আলামত হিসেবে ওষুধ যদি কারখানা থেকে করা জব্দ করা হতো, তাহলে হয়তো সঠিক হতো।
কৌঁসুলি নাদিম বলেন, জব্দ করার নিয়ম হলো, মামলার আলামত চার ভাগে বিভক্ত করতে হবে। জব্দ করা আলামতের একটা অংশ দিতে হবে আসামিপক্ষকে, আরেকটি অংশ পাঠাতে হবে আদালতে। আলামত নিজের দখলেও রাখবে ওষুধ প্রশাসন অধিদপ্তর। আরেকটা নমুনা পাঠাতে হবে ড্রাগ টেস্টিং ল্যাবরেটরিতে। রিড ফার্মার বিরুদ্ধে করা মামলার আলামত জব্দে এই প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। আদালতেও কোনো নমুনা পাঠানো হয়নি।
পূর্ণাঙ্গ রায় পেলে আপিল করার ব্যাপার সিদ্ধান্ত নেবেন বলে জানান ড্রাগ আদালতের এই সরকারি কৌঁসুলি।