ভেজাল খাবার খেয়ে বিপুল জনগোষ্ঠী দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হচ্ছে। ভেজাল প্রতিরোধে প্রয়োজন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের নৈতিকতাবোধ, আইনের যথাযথ প্রয়োগ ও সর্বোপরি জনসচেতনতা।
‘খাদ্যে ভেজাল প্রতিরোধে আমাদের করণীয়’ শীর্ষক সেমিনারে গতকাল বুধবার বক্তারা এ অভিমত ব্যক্ত করেন। জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এ সেমিনারের আয়োজক ভলান্টারি কনজ্যুমারস ট্রেনিং অ্যান্ড অ্যাওয়ারনেস সোসাইটি (ভোক্তা) এবং বাংলাদেশ মুড়ি ও চিড়া মিল মালিক অ্যাসোসিয়েশন।
প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী জি এম কাদের বলেন, দারিদ্র্য ও রাজনীতির দুষ্টচক্রের মতো খাদ্যে ভেজাল দেওয়ার একটি দুষ্টচক্র তৈরি হয়েছে। আগের তুলনায় খাদ্যে ভেজাল বেড়েছে। তবে এ বিষয়ে জনসচেতনতা তৈরি হয়েছে। ভোক্তা অধিকার আইন, ২০১৩ সবাই মিলে বাস্তবায়ন করতে পারলে খাদ্যে ভেজাল দেওয়ার দুষ্টচক্র থেকে বেরিয়ে আসা সম্ভব।
তিনি আরও বলেন, ‘সরকারি বাধ্যবাধকতা আরোপের ফলে গত নভেম্বর থেকে দেশে ফরমালিন আমদানি হয়নি। তার পরও ফরমালিনের ব্যবহার কমছে না।
বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির (এফবিসিসিআই) সভাপতি কাজী আকরাম উদ্দিন আহ্মদ বলেন, ব্যবসায়ীদের নৈতিকতা থাকতে হবে। নৈতিকতার সঙ্গে ব্যবসা করলে কোনো ব্যবসায়ী খাদ্যে ভেজাল দিতে পারেন না।
সেমিনারে মূল প্রবন্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিভাগের অধ্যাপক হোসেন উদ্দিন শেখর বলেন, দেশের ৪৫ শতাংশ মানুষ ভেজাল খাবার খেয়ে নানাবিধ রোগে আক্রান্ত হচ্ছে। খাদ্যে ভেজাল দেওয়া বন্ধ করতে হবে। কারণ, খাবারে ভেজালের ফলে অপচয় হচ্ছে অর্থ ও কর্মঘণ্টার।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক খালেদা ইসলাম বলেন, ভেজাল খাবার খাওয়ার ফলে দেশে আশঙ্কাজনক হারে যকৃত ও কিডনি রোগীর সংখ্যা বাড়ছে।
সেমিনারে বক্তব্য দেন এফবিসিসিআইয়ের সহসভাপতি হেলাল উদ্দিন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবুল হোসেন, পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক আবদুর রহিম খান, ভোক্তার সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ প্রমুখ।