ভেজাল প্রতিরোধে স্বতন্ত্র কমিশন দাবি
বাজারে ফলমূল, শাকসবজি, মাছ-মাংসসহ সব খাদ্যেই ক্ষতিকর রাসায়নিক পদার্থ। প্রক্রিয়াজাত খাদ্য ও ফাস্টফুডে ক্ষতিকারক রংসহ স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক রাসায়নিক পদার্থ মেশানো। এমনকি জীবনরক্ষাকারী ওষুধেও বিষাক্ত উপকরণ। সেই ওষুধ সেবনে মানুষ অকালে মারা যাচ্ছে। খাদ্যনিরাপত্তার রাষ্ট্রীয় কোনো ব্যবস্থা নেই। তাই দ্রুত বিষাক্ত-ভেজাল প্রতিরোধে মান ও মূল্য নিয়ন্ত্রণের জন্য স্বতন্ত্র খাদ্য ও ওষুধ-বিষয়ক কমিশন গঠনের দাবি জানিয়েছেন পরিবেশ আন্দোলনের নেতারা।গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) আয়োজিত ‘বিষাক্ত খাদ্যের ব্যাপকতা ও ভয়াবহতায় আমাদের করণীয়’ শীর্ষক সেমিনারে বক্তারা এ দাবি জানান। এতে সভাপতিত্ব করেন পবার স্বাস্থ্য-বিষয়ক দলের আহ্বায়ক অধ্যাপক অরূপ রতন চৌধুরী।সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা কাউন্সিলের (সায়েন্স ল্যাবরেটরি) খাদ্য ও পুষ্টিবিজ্ঞান বিভাগের সাবেক পরিচালক কে এম ফরমুজুল হক। তিনি বলেন, দেশের সবজি উৎপাদনের ক্ষেত্রে ফসলে কীটনাশক বিষ প্রয়োগের পরপরই তা বাজারে বিক্রি শুরু হয়। কৃষকেরা কোনো নিয়ম মানেন না। অসাধু ফলমূল ব্যবসায়ী বিভিন্ন রাসায়নিক পদার্থের সাহায্যে (ক্যালসিয়াম কার্বাইড, ইথিলিন, ইথারেল, টমটম) কৃত্রিমভাবে ফল পাকায়। দেশব্যাপী মাছ ও দুধে বিষাক্ত ফরমালিন দিয়ে সংরক্ষণ করা হয়। এক ড্রাম দুধে এক ফোঁটা ফরমালিন দিলেই হয়। কিন্তু এই এক ফোঁটা ফরমালিন মারাত্মক ক্যানসার ও কিডনি রোগের সৃষ্টি করে।’ তিনি আরও জানান, ঢাকার আশপাশে সাভার, ধামরাই, টঙ্গী এলাকায় উৎপাদিত শাকসবজিতে প্রচুর পরিমাণে টেক্সটাইল ও ডাইং বর্জ্যের উপস্থিতি পাওয়া যায়। ওখানকার টেক্সটাইল ইন্ডাস্ট্রি থেকে বিভিন্ন ধরনের বর্জ্য নদীতে ফেলা হয়। ওই নদীর পানি জমিতে দিয়ে লেড, আর্সেনিক কেডমিয়াম ও মারকারির মতো বিষাক্ত পদার্থ সবজির মধ্যে মিশ্রণ ঘটে। বাংলাদেশের বিভিন্ন উপকূলে শুঁটকি প্রক্রিয়াজাতকরণে ডিডিটি ব্যবহার করা হয়। এ কীটনাশকযুক্ত মাছ খেলে হূৎপিণ্ড, লিভারের সমস্যা ছাড়াও ক্যানসার ও চর্মরোগ হতে পারে। এ ছাড়া বিভিন্ন কোম্পানির উৎপাদিত প্যাকেটজাত খাদ্য, যেমন: ফলের রস, স্ন্যাকস, গ্রিনপি, জ্যাম-জেলি, আচার-চাটনি বিভিন্ন ধরনের ক্ষতিকর রং ব্যবহার করা হয়।বক্তারা ভোক্তা অধিকার আইনের বাস্তবায়ন, ভেজালবিরোধী অভিযানকে ত্বরান্বিত ও খাদ্যে ভেজালকারীকে কঠোর শাস্তি, খাদ্য প্রস্তুতকারী শিল্পকারখানায় খাদ্যের রঙের ব্যবহার নিশ্চিত এবং খাদ্যে বিষক্রিয়ার বিরুদ্ধে সরকারিভাবে ব্যাপক গণসচেতনতা তৈরির দাবি জানান। সেমিনারে কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, পবা চেয়ারম্যান আবু নাসের খান, জাতীয় ভোক্তামঞ্চের মহাসচিব এস এম সৈকত, নিরাপদ ডেভেলপমেন্টের চেয়ারম্যান ইবনুল সাঈদ রানা উপস্থিত ছিলেন।