ভেজাল ফেনসিডিলের কারখানা
খুলনা শহরতলির জিরো পয়েন্ট এলাকায় ভেজাল ফেনসিডিল তৈরির একটি কারখানার সন্ধান পাওয়া গেছে। গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল গত মঙ্গলবার কারখানাটির সন্ধান পায়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার বেলা আড়াইটায় নগর ডিবির পরিদর্শক মামুন খান, তরিকুল ইসলাম, কামরুজ্জামান এবং উপপরিদর্শক (এসআই) টিপু সুলতানসহ কয়েকজন খুলনা বিশ্ববিদ্যালয়ের একটি হলের পাশে মাছের ঘেরের একটি ঘরে অভিযান চালান। এ সময় তাঁরা ওই ঘর থেকে চার বোতল ফেনসিডিল, ২৩টি খালি বোতল, কয়েকটি চিরুনি ও গ্লুকোজ উদ্ধার করেন। এ সময় তাঁরা ওই ঘরের মালিক আসাদুল (৪৫), তাঁর ছেলে লিটন (২৬) ও রিপনকে (২৩) গ্রেপ্তার করে।গ্রেপ্তার হওয়া মাদক ব্যবসায়ী লিটন জানান, স্থানীয় একটি চক্র দীর্ঘদিন ধরে তাঁদের মাছের ঘেরের একটি ঘরে বসে ভেজাল ফেনসিডিল তৈরি করছে। তাঁরা এ কাজে সহায়তা করতেন। এ ভেজাল ফেনসিডিল তৈরির পদ্ধতি সম্পর্কে লিটন জানান, প্রথমে ভারত থেকে নিয়ে আসা ফেনসিডিলের বোতল থেকে একটি পাত্রে ফেনসিডিল রাখা হয়। পরে ওই পাত্রে গ্লুকোজসহ আরও তরল পদার্থ ঢেলে ভেজাল ফেনসিডিল তৈরি করা হয়। তিনি মঙ্গলবার ২৫ বোতল ফেনসিডিল বিক্রি করেছেন।