ভেজাল বীজ ও ভুল নির্দেশনা সবজিচাষিরা সর্বস্বান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের চৌগাছা উপজেলার বলিদাপাড়া, সিংহঝুলি, মির্জাপুর ও জগদীশপুর গ্রামের অর্ধশতাধিক কৃষক বিভিন্ন কোম্পানির উচ্চফলনশীল জাতের ভেজাল ও মেয়াদোত্তীর্ণ সবজিবীজ লাগিয়ে প্রতারিত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। বলিদাপাড়া গ্রামের কৃষক ইউসুফ আলী, টগর ঠাকুর ও আবদুর রাজ্জাক এ ব্যাপারে ক্ষতিপূরণ দাবি করে গত রোববার জেলা প্রশাসক মহিবুল হকের কাছে স্মারকলিপি দিয়েছেন।গত রোববার বলিদাপাড়া গ্রামে গিয়ে দেখা গেছে, শসা, করলা ও মিষ্টিকুমড়াখেতের অধিকাংশ গাছ রোগাক্রান্ত হয়ে মারা গেছে। করলাগাছ পুড়ে গেছে। পাতায় পোকা ধরেছে। ফলন নেই বললেই চলে।কৃষক ইউসুফ আলী বলেন, ‘এ বছর ৪২ শতাংশ জমিতে লাল তীর কোম্পানির উচ্চফলনশীল জাতের শসার বীজ লাগিয়ে তেমন ফলন পাইনি। ৩৪ হাজার টাকা ব্যয়ে আবাদ করে মাত্র ৮০০ টাকার শসা বিক্রি করতে পেরেছি।’একই গ্রামের আলেয়া বেগম বলেন, ‘১২ কাঠা জমিতে করলা লাগিয়েছি। লাল তীরের বীজে ৪১ দিনের মাথায় ফলন আসে। সেখানে দুই মাসে একটি করলাও তুলতে পারিনি।’চৌগাছা উপজেলা কৃষি কর্মকর্তা নির্মল কুমার দে বলেন, ‘কয়েকটি গ্রামের কৃষকেরা লাল তীরসহ কয়েকটি কোম্পানির মেয়াদোত্তীর্ণ বীজ লাগিয়ে প্রতারিত হয়েছেন বলে শুনেছি। এতে ওই চারটি গ্রামে পাঁচ থেকে সাত একর জমিতে ফলন বিপর্যয় দেখা দিয়েছে।’লাল তীর কোম্পানির আঞ্চলিক বিক্রয় ব্যবস্থাপক (বীজ) শফিকুর রহমান বলেন, বলিদাপাড়া গ্রামের শুধু ইউসুফ আলীর খেতেই ফলন হয়নি। উচ্চ তাপমাত্রার কারণে ও সেচের অভাবে এর ফলন ভালো হয়নি। তিনি মেয়াদোত্তীর্ণ বীজের ব্যাপারে কিছু জানেন না বলে দাবি করেন।এদিকে প্রয়োগমাত্রায় ভুল নির্দেশনা থাকার কারণে লক্ষ্মীপুরের রামগতিতে কৃষকেরা একটি কেমিক্যাল কোম্পানির ‘চমক’ নামের জৈব হরমোন সবজিখেতে ব্যবহার করে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।ওই হরমোন ব্যবহার করার পর গাছের পাতা ও ডগা কুঁকড়ে যাচ্ছে। অনেক গাছের পাতা ঝলসে গেছে।উপজেলার চর আলেকজান্ডার ইউনিয়নের বালুর চরের কৃষক ফরহাদ জানান, তিনি তাঁর চিচিঙাখেতে ‘চমক’ নামের জৈব হরমোন বোতলের লেভেলে থাকা নির্দেশনা অনুযায়ী ব্যবহার করেছেন। ওই হরমোন ব্যবহার করার পরদিন গাছের পাতা ও ডগা কুঁকড়ে গেছে।বালুর চর এলাকার সিরাজ, আনাছ মিয়াসহ আরও কয়েকজন কৃষক খেতে ওই জৈব হরমোন ব্যবহার করে একইভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে দাবি করেন।ইস্ট ওয়েস্ট কেমিক্যাল কোম্পানির স্থানীয় প্রতিনিধি ধ্রুবকেতু ভৌমিক বলেন, হরমোনটির প্রয়োগমাত্রার নির্দেশনা ভুল হওয়ার কারণে এ অবস্থার সৃষ্টি হয়ে থাকতে পারে।কোম্পানির স্থানীয় পরিবেশক নাছির উদ্দিন বলেন, ‘ওই জৈব হরমোনের বোতলের লেভেলে প্রয়োগমাত্রার নির্দেশনায় প্রতি ১০ লিটার পানিতে ১৫ মিলিলিটার বা তিন ছিপি মিশিয়ে ব্যবহারের কথা লেখা আছে। কিন্তু কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শ অনুযায়ী আমরা কৃষকদের ১০ লিটার পানিতে এক ছিপি মিশিয়ে ব্যবহারের মৌখিক নির্দেশনা দিয়েছি।’ইস্ট ওয়েস্ট কেমিক্যাল কোম্পানির প্রোডাক্ট এক্সিকিউটিভ হাসান তারেক প্রয়োগমাত্রায় ভুল নির্দেশনা থাকার কথা অস্বীকার করেছেন। তিনি বলেন, তাপমাত্রা হ্রাস-বৃদ্ধির কারণে উদ্ভিদের হরমোন উৎপাদন সয়ংক্রিয়ভাবেই হ্রাস-বৃদ্ধি হতে পারে। এ ক্ষেত্রে নির্দেশিত মাত্রার জৈব হরমোন ব্যবহার করলে বিরূপ প্রতিক্রিয়া হতে পারে।