ভেজাল বীজ কিনে কৃষক প্রতারণারশিকার
গাইবান্ধার সাতটি উপজেলায় উজালা-২ ও উজালা-৮ হাইব্রিড ধানের চাষ করে সহস্রাধিক কৃষক প্রতারিত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
প্রতি বিঘায় ২৫-২৮ মণ ধান উৎপাদনের প্রলোভন দেখিয়ে কৃষকদের কাছে এই ধানের বীজ বিক্রি করা হলেও উৎপাদন হয়েছে সাত থেকে ১১ মণ। একটিভ পাওয়ার এগ্রো লিমিটেড নামে গাইবান্ধার একটি বীজ উৎপাদনকারী প্রতিষ্ঠান এই বীজ বাজারজাত করে।
সুন্দরগঞ্জ উপজেলা শহরের ডিলার মফিজুল হক বলেন, ‘এগ্রো লিমিটেড কর্মকর্তাদের অনুরোধে এবারই প্রথম উজালা-২ ও উজালা-৮ হাইব্রিড ধানের বীজ বিক্রি করে বিপদে পড়েছি। কোম্পানির কথা অনুযায়ী প্রতি বিঘায় ২৫-২৮ মণ উৎপাদনের নিশ্চয়তা দিয়ে বীজ বিক্রি করেছি। কিন্তু ধান কাটার পর বিঘায় সাত থেকে ১১ মণ হওয়ায় ক্ষতিগ্রস্ত কৃষকেরা আমার ওপর চড়াও হচ্ছেন। আমি গা ঢাকা দিতে বাধ্য হয়েছি।’
সরেজমিনে তিনটি উপজেলার আটজন কৃষকের সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁরা উজালা-২ ও উজালা-৮ হাইব্রিড ধানের চাষ করে প্রতারিত হয়েছেন। সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম গ্রামের আবদুল কাদের ও পাঁচগাছি গ্রামের কৃষক তারা মিয়া জানান, সার, তেল ও কৃষি উপকরণের দাম বেড়ে যাওয়ায় বোরো চাষ করে লাভ তো দূরের কথা, উৎপাদন খরচই ওঠে না। তাই উজালা-২ ও উজালা-৮ হাইব্রিড ধানের চাষ করেছেন। কিন্তু প্রতি বিঘায় ফলন পেয়েছেন গড়ে ১০ মণ। একই উপজেলার তারাপুর গ্রামের কৃষক শামসুল আলম ১৬ বিঘা জমিতে এই ধানের চাষ করে প্রতারিত হয়েছেন।
একই ধরনের কথা বলেন সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের তুলসীঘাট গ্রামের সোহরাব মিয়া ও কুপতলা ইউনিয়নের বালুয়া গ্রামের মোস্তা মিয়া, সাদুল্যাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের চকশলাইপুর গ্রামের শফিকুল মিয়া, মহিষবান্দি গ্রামের কৃষক আইয়ুব আলী, রসুলপুর ইউনিয়নের বসনিয়ারপাড়া গ্রামের কৃষক শামীম মিয়াসহ কয়েকজন।
তাঁরা অভিযোগ করেন, কোম্পানিটি অধিক মুনাফা লাভের আশায় সাধারণ ধান প্যাকেটজাত করে হাইব্রিড বীজ হিসেবে বিক্রি করেছে। প্রতি কেজি বীজ ২২০ টাকা করে কিনতে হয়েছে।
কোম্পানির বিক্রয় প্রতিনিধি ও সাদুল্যাপুর উপজেলার মহিষবান্দি বাজার এলাকার বাকী মণ্ডল বলেন, ‘বীজে ভেজাল ছিল কি না, আমরা জানি না। কোম্পানির কর্মকর্তাদের কথা অনুযায়ী আমরা ডিলার ও কৃষকদের কাছে বীজ বিক্রি করেছি। বিক্রয় প্রতিনিধির দায়িত্ব পালনের পাশাপাশি আমি আমার এলাকার ডিলার হিসেবেও কাজ করছি। তবে অন্যান্য ডিলার ও কৃষকদের কাছ থেকেও উৎপাদন কম হওয়ার অভিযোগ পেয়েছি। বিষয়টি কোম্পানির কর্মকর্তাদের জানানো হয়েছে।’
জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক আব্দুর রাজ্জাক বলেন, ভেজাল বীজ কিনে কৃষকদের প্রতারিত হওয়ার কথা শুনেছি। বিষয়টি তদন্ত করে দেখা হবে।
গাইবান্ধা একটিভ পাওয়ার এগ্রো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাসেল আহমেদ বলেন, কৃষকদের সঙ্গে প্রতারণা ও বীজে ভেজাল মেশানো এবং সাধারণ ধান হাইব্রিড বীজ হিসেবে চালিয়ে দেওয়ার অভিযোগ সঠিক নয়। জমির উর্বরা শক্তি কম কিংবা সার প্রয়োগ সঠিক না হওয়ায় ফলন কম হতে পারে।