ভেজাল বীজ কিনে ক্ষতিগ্রস্ত কৃষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের গুরুদাসপুর উপজেলার মশিন্দা চরপাড়া গ্রামের কৃষক হাবিবুর রহমান স্থানীয় বাজারের এক বিক্রেতার কাছ থেকে আউশ ধানের বীজ কিনে তা আট বিঘা জমিতে রোপণ করেছিলেন তিন মাস আগে। সময়মতো এবং সঠিকভাবে পরিচর্যাও করেছেন তিনি। ধানগাছগুলো বড়ও হয়েছে। কিন্তু এখন পর্যন্ত শিষ বের হয়নি। অথচ তাঁর পাশের জমিতে রোপণ করা একই জাতের ধান কেটে ঘরে তুলেছেন অপর এক কৃষক।
হাবিবুর রহমান অভিযোগ করেন, তিনি মশিন্দার ‘হাসি এন্টারপ্রাইজ’ নামের একটি প্রতিষ্ঠানে গিয়ে বি-৪৮ জাতের বীজ চেয়েছিলেন। কিন্তু তাঁকে তা না দিয়ে ভেজাল বীজ দেওয়া হয়। আবদুল খালেক নামের এক ব্যক্তি ওই প্রতিষ্ঠানের মালিক।
হাবিবুর রহমান একা নন। ওই এলাকার আরও কমপক্ষে ৩০ জন কৃষক তাঁর মতো প্রতারণার শিকার হয়েছেন। ভুক্তভোগী কৃষকেরা এর প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা কৃষি কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. মিজানুর রহমান অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, বীজবিক্রেতা আবদুল খালেক অনুমোদিত ডিলার নন। উপজেলা কৃষি বিভাগের নজর এড়িয়ে তিনি বীজ বিক্রি করে আসছেন। তিনি গ্রামের সহজ-সরল কৃষকদের সঙ্গে প্রতারণা করছেন। কৃষকদের অভিযোগ পাওয়ার পর কৃষি বিভাগের উপসহকারী কর্মকর্তারা (বিএস) মাঠে গিয়ে অভিযোগের সত্যতা পেয়েছেন। এ ঘটনার পর থেকে বীজবিক্রেতা আবদুল খালেক আত্মগোপনে রয়েছেন। বিষয়টি ইউএনওকে জানানো হয়েছে।
ইউএনও ইয়াসমিন আক্তার বলেন, ব্যস্ততার কারণে তিনি এ ব্যাপারে পদক্ষেপ নিতে পারেননি। তবে আজ (মঙ্গলবার) ভুক্তভোগী কৃষকদের ডেকে শুনানি করবেন। এরপর তিনি অভিযুক্ত বীজবিক্রেতা আবদুল খালেকের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।
মুঠোফোনে যোগাযোগ করা হলে বীজবিক্রেতা আবদুল খালেক দাবি করে বলেন, ‘আমি আসল বীজই বিক্রি করেছেন। সঠিক পরিচর্যা না করায় ধানের শিষ বের হয়নি। এখন আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।’
গত সোমবার সকালে সরেজমিনে দেখা গেছে, মশিন্দা বাজারের উত্তরের চরমশিন্দা এলাকার একটি আউশখেত সবুজে ছেয়ে গেছে। কিন্তু ধানগাছগুলোতে থোড় আসেনি। অথচ ওই জমির পাশেই সানাউল্লাহ নামের একজন কৃষকের বি-৪৮ জাতের ধান পেকে গেছে। ভুক্তভোগী বর্গাচাষি শরিফ বলেন, তিনি ওই এক বিঘা জমি বর্গা নিয়ে ধানের চারা রোপণ করেছিলেন। কিন্তু ফলন হয়নি। বি-৪৮ জাতের বীজ না দিয়ে বিক্রেতা তাঁকে ভেজাল বীজ দিয়েছেন।
ক্ষতিগ্রস্ত অপর এক কৃষক জমসের বলেন, তিনি খালেকের দোকান থেকে কেজিপ্রতি ২১০ টাকা দরে বীজ কিনেছিলেন। জমি তৈরি, নিড়ানি এবং সার ও কীটনাশকসহ প্রতি বিঘা জমিতে তাঁর প্রায় ১৭ হাজার টাকা খরচ হয়েছে। বীজ ভেজাল হওয়ায় তাঁর সব টাকাই পানিতে গেছে। কৃষক হাবিবুর রহমান বলেন, আট বিঘা জমিতে পাটের আবাদ করলে ১৫০ মণ পাট উৎপাদন হতো। কিন্তু খালেকের কাছ থেকে বীজ কেনায় তাঁর সব শেষ হয়ে গেছে। আউশের আবাদ করতে গিয়ে তিনি প্রায় দেড় লাখ টাকার ঋণগ্রস্ত হয়েছেন।