ভেজাল বীজে কৃষক প্রতারিত
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার চাষিরা লাল তীর হাইব্রিড শসা বীজ কিনে প্রতারিত হয়েছেন। শসা না হওয়ায় উপজেলার কলসপাড় ইউনিয়নের দক্ষিণ নাকসী গ্রামের অর্ধশতাধিক চাষি বিপাকে পড়েছেন। ফলন না হওয়ায় তাঁরা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাছে ক্ষতিপূরণ দাবি করেছেন।জানা গেছে, নাকসী গ্রামটি অপেক্ষাকৃত নিচু এলাকায় অবস্থিত। বছরে একটি ফসল ছাড়া আর কোনো ফসল হয় না। তাই সারা বছরই এ গ্রামের মানুষের অভাবে দিন কাটত। পাঁচ বছর ধরে ওই গ্রামের কৃষকেরা শসাসহ নানা সবজি চাষ করে আসছিলেন। কিন্তু লাল তীর হাইব্রিড শসা বীজ কিনে এলাকার অর্ধশতাধিক কৃষক এবার প্রতারিত হলেন।সরেজমিন দেখা গেছে, এ গ্রামের ৩০ থেকে ৪০ একর খেত সবুজে সবুজময়। এসব খেতে শসা চাষ করা হয়েছে। গাছে ফুল এসেছে ঠিকই, কিন্তু শসা নেই। অবশ্য দু-একটি গাছে ছোট ছোট শসা লাল হয়ে ঝুলছে।নাকসী গ্রামের কৃষক রইস উদ্দিন (৫৭) বলেন, ‘আমার নিজের কোনো জমি-জিরাত নাই। প্রতি পাঁচ শতাংশ জমি এক হাজার টেহা মেয়াদি চুক্তিতে ৫৫ শতাংশ জমিত শসা আবাদ করছি। এতে খরচ ওইছে ৫৫ হাজার টেহা। ঠিকমতো শসা ওইলে আমার আয় ওইত ৭০ থেকে ৮০ হাজার টেহা। সমিতি থাইকা টেহা ঋণ করছি। জানি না, কেমনে এই টেহা শুধ করমু। ২ নম্বর বীজের লাইগা আমগর এ দুর্দশা।’একই এলাকার ক্ষতিগ্রস্ত চাষি আবদুর রশীদ (৩৯) ও রূপচাঁন মিয়া (৩৬) অভিযোগ করেন, ভেজাল বীজের কারণে এ গ্রামের অর্ধশতাধিক কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাঁদের ধারণা, লাল তীর শসা বীজের প্যাকেটে বেশি লাভের আশায় অন্য বীজ ঢুকিয়ে তাঁদের প্রতারিত করা হয়েছে। নালিতাবাড়ীতে লাল তীর হাইব্রিড শসা বীজের এজেন্ট ভোলানাথ সাহা বলেন, এটা শুধু নালিতাবাড়ীতেই নয়, ময়মনসিংহের আরও অঞ্চলে ঘটেছে। কোম্পানির লোকজন ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছেন।উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, ‘অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে কৃষকদের প্রতারিত হওয়ার সত্যতা পেয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। বীজ কোম্পানির সঙ্গে ক্ষতিপূরণের ব্যাপারে কথা হয়েছে। বিষয়টি তাঁরা দেখবেন বলে জানিয়েছেন।’