ভেজাল ভোজ্যতেল কারখানার সন্ধান
মাগুরার গোয়েন্দা পুলিশ গত শনিবার বিকেলে সদর উপজেলার দুর্গাপুর গ্রামের একটি বাড়িতে ভেজাল সয়াবিন ও সরিষার তেল তৈরির কারখানার সন্ধান পেয়েছে। পুলিশ কারখানার মালিক শামীম আহমেদকে (৩০) গ্রেপ্তার করেছে। কারখানা থেকে বোতলজাত সয়াবিন ও সরিষার তেল, খালি বোতল, মোড়ক ও তেল বোতলজাত করার সরঞ্জাম জব্দ করা হয়েছে।পরে শামীমকে ভ্রাম্যমাণ আদালতের বিচাক মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোখলেছুর রহমান তিন মাসের কারাদণ্ড ও ৪০ হাজার টাকা জরিমানা করেন। গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (চলতি দায়িত্ব) বদরুজ্জামান জানান, মাগুরার শ্রীপুর উপজেলার কমলাপুর গ্রামের শামীম আহমেদ প্রায় দুই মাস আগে দুর্গাপুর গ্রামের সাদ্দাম হোসেনের বাড়ির দুটি কক্ষ ভাড়া নিয়ে সেখানে ‘নারী’ নামের ওই সয়াবিন ও সরিষার তেল বোতলজাত করছিলেন। বোতলের গায়ে কারখানার যে ঠিকানা ব্যবহার করা হয়েছে, তাও মিথ্যা। এ সময় ওই কারখানা থেকে নকল ওই তেল বোতলজাত করার সরঞ্জামসহ ৪৫০টি বোতল (১০০ গ্রাম ওজনের সয়াবিন ও সরিষার তেল ভরা), এক লিটারের ৪৭০টি খালি সয়াবিন তেলের বোতল ও সহস্রাধিক লেবেল জব্দ করা হয়।নিজেকে ওই কোম্পানির ব্যবস্থাপক দাবি করে শামীম আহমেদ বলেন, ‘আমি মাসিক ১০ হাজার টাকা বেতনে চাকরি করি। কোম্পানির মালিক শ্রীপুর উপজেলার কমলাপুর গ্রামের আরিফ খান নামে এক ব্যক্তি। খোলাবাজার থেকে তেল কিনে কিছু রাসায়নিক মিশিয়ে ওই তেল বোতলজাত করা হয়। আমি ছাড়াও চার-পাঁচজন নারী নিয়মিত এখানে তেল বোতলজাত করার কাজ করেন।’ তবে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার সাজ্জাদ হোসেন বলেন, আসলে ওই যুবকই কারখানার মালিক।মাগুরা সদরের স্যানিটারি ইনপেক্টর আশরাফ আলী বলেন, ওই সয়াবিন বা সরিষার তেল মানুষের শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। নিয়মিত খেলে এতে কিডনিও নষ্ট হয়ে যেতে পারে। বিশেষ করে শিশুরা ক্ষতিগ্রস্ত হয় বেশি।পুলিশ শামীমকে গ্রেপ্তার ও মালামাল জব্ধ করার পর থেকে বাড়ির মালিক পলাতক রয়েছেন।